সিনেমার পর্দা পেরিয়ে বাস্তব জীবনেও ‘জয়াম্মা’! ৪০০টি অসহায় পরিবারের দায়িত্ব নিলেন রশ্মিকা মন্দানা

বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা জুটির আসন্ন ছবি ‘রানাবলী’ মুক্তির ঠিক আগেই এক অনন্য নজির গড়লেন অভিনেত্রী। বিয়ের পর বড় পর্দায় জুটি হিসেবে এটিই তাঁদের প্রথম কাজ হতে চলেছে। এই ছবিতে ‘জয়াম্মা’ নামের একটি অত্যন্ত শক্তিশালী চরিত্রে অভিনয় করেছেন রশ্মিকা। আর সেই চরিত্রের আদর্শ থেকেই অনুপ্রাণিত হয়ে বাস্তব জীবনে প্রায় ৪০০টি পরিবারের ভরণপোষণের দায়িত্ব কাঁধে তুলে নিলেন তিনি।
১৮৭৬ থেকে ১৮৭৮ সালের ভয়াবহ দুর্ভিক্ষের পটভূমিতে তৈরি হয়েছে ‘রানাবলী’ ছবিটি। ভারতীয় ইতিহাসের সেই অন্ধকার অধ্যায় ও মানুষের সংগ্রামের কথা পর্দায় ফুটিয়ে তুলতে গিয়েই গভীরভাবে প্রভাবিত হন অভিনেত্রী। এরপরই তিনি সিদ্ধান্ত নেন, সমাজের সেই সমস্ত মানুষের পাশে দাঁড়াবেন, যাঁরা নানা প্রতিকূলতার মধ্যে দিন কাটাচ্ছেন।
সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে এই মানবিক উদ্যোগের কথা নিজে জানিয়েছেন রশ্মিকা। তিনি জানিয়েছেন, আগামী তিন মাসের জন্য ৪০০টি পরিবারের সমস্ত খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় রসদ তাঁর টিমের পক্ষ থেকে পৌঁছে দেওয়া হবে। এর ফলে ওই পরিবারগুলি অন্তত কিছুটা অর্থ সঞ্চয় করতে পারবেন এবং ভবিষ্যতের জন্য নিজেদের গুছিয়ে নেওয়ার সুযোগ পাবেন।
ভিডিওটিতে দেখা গেছে, অভিনেত্রীর টিম সরাসরি মানুষের হাতে সেই সাহায্য পৌঁছে দিচ্ছে। পোস্টের ক্যাপশনে রশ্মিকা লিখেছেন, পর্দায় যে সমস্ত চরিত্রে তিনি অভিনয় করেন, তার মধ্যে এমন কিছু বিশেষত্ব থাকে যা তাঁকে গভীরভাবে অনুপ্রাণিত করে। অনুরাগীরা প্রায়ই জানতে চান তাঁর সঙ্গে ‘জয়াম্মা’ চরিত্রের মিল কোথায়। অভিনেত্রীর মতে, এই সংবেদনশীলতাই তাঁদের দু’জনের সবচেয়ে বড় মিল। এতদিন এই ধরনের কাজ আড়ালেই করতে পছন্দ করলেও, অন্যদের মধ্যে অনুপ্রেরণা জাগাতেই এবার তা সকলের সামনে এনেছেন তিনি।