কবে থেকে তেরঙ্গা ওড়ানো অপরাধ? দলের দুই নেতা জেলবন্দি হতেই দিল্লিতে বড় প্রতিবাদের ডাক অভিজিৎ দিপকের

দলের দুই নেতাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর তীব্র প্রতিবাদে এবার সরাসরি দিল্লির বুকে আন্দোলনে নামার ডাক দিলেন ককরোচ জনতা পার্টি (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। আগামী ১৬ অক্টোবর দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা হাতে এক বিশাল জমায়েতের ঘোষণা করেছেন তিনি।
সম্প্রতি যন্তর মন্তরে জাতীয় পতাকা ওড়ানোর অপরাধে সিজিপি-র দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করে পুলিশ, যাঁদের পরবর্তীতে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। এই ঘটনার পরেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিজিৎ দিপকে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি প্রশ্ন তোলেন, “কবে থেকে তেরঙ্গা ওড়ানো অপরাধ হয়ে গেল?” ১৬ অক্টোবর বিকেল ৫টায় জাতীয় পতাকাকে ভালোবেসে সমস্ত দেশবাসীকে কনট প্লেসের এই জমায়েতে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি, যাঁরা রাজধানীতে উপস্থিত থাকতে পারবেন না, তাঁদেরও নিজেদের শহর ও রাজ্যেই একই রকমভাবে তেরঙ্গা হাতে প্রতিবাদে সামিল হওয়ার অনুরোধ জানিয়েছেন সিজিপি প্রধান।