আরজি কর কাণ্ড: আদালতের নির্দেশ বোঝেনি সিবিআই? এজলাসে বিচারপতির তীব্র ভর্ৎসনার মুখে কেন্দ্রীয় সংস্থা!

আরজি করের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তের গতিপ্রকৃতি নিয়ে ফের প্রশ্নের মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। মামলার তদন্তে আদালতের দেওয়া স্পষ্ট নির্দেশ বুঝতে সিবিআইয়ের ভুল হয়েছে— বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এমনটাই উঠে এল, যা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
কী ঘটেছিল আদালতে? এদিন আদালতে সিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, গত ২১ মে কলকাতা হাইকোর্টের নির্দেশ পাওয়ার পরও তারা নতুন করে কোনও তদন্ত প্রক্রিয়া শুরু করেনি। তদন্তকারীদের দাবি, হাইকোর্টের নির্দেশটি বুঝতে তাদের ভুল হয়েছিল। পুরনো তদন্তের কোথাও কোনো ফাঁকফোকর রয়ে গেছে কি না, আপাতত সেই বিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে। সিবিআইয়ের এই অস্পষ্ট জবাবেই কার্যত ধৈর্য হারিয়েছেন বিচারপতি।
কী নির্দেশ ছিল আদালতের? গত ২১ মে আরজি কর মামলার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছিলেন, আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার নেপথ্যে থাকা তথ্যপ্রমাণ লোপাট এবং মৃতার পরিবারের তোলা চাঞ্চল্যকর অভিযোগগুলো খতিয়ে দেখতে হবে। এই বিষয়গুলোর ওপর ভিত্তি করে নতুন করে তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছিল।
কিন্তু দীর্ঘ এক মাস অতিক্রান্ত হওয়ার পরেও তদন্তে বিশেষ কোনো অগ্রগতি না হওয়ায় এবং আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগে এদিন সিবিআইয়ের ভূমিকায় চরম হতাশা প্রকাশ করেন বিচারপতি। আদালতের পর্যবেক্ষণ, সংবেদনশীল এই মামলায় তদন্তকারী সংস্থার এমন দায়সারা মনোভাব কোনোভাবেই কাম্য নয়।