রাম মন্দির ট্রাস্টে বড় দুর্নীতি? বোমা ফাটালেন সঞ্জয় সিং, SIT-কে দেবেন নথিপত্র!

রাম মন্দির জমি কেনাবেচা ও অনুদান সংক্রান্ত দুর্নীতির অভিযোগে নতুন করে শোরগোল পড়ে গেছে। আম আদমি পার্টি (আপ)-এর সাংসদ সঞ্জয় সিং দাবি করেছেন, তাঁর কাছে রাম মন্দির ট্রাস্টের বিরুদ্ধে জমি জালিয়াতি সংক্রান্ত অকাট্য প্রমাণ রয়েছে। এই সংক্রান্ত নথিপত্র তিনি তদন্তকারী সংস্থা SIT-এর কাছে জমা দেবেন বলে জানিয়েছেন।
সঞ্জয় সিং SIT-কে লেখা চিঠিতে স্পষ্ট জানিয়েছেন, কোটি কোটি ভক্তের আস্থার প্রতীক এই মন্দিরের ব্যবস্থাপনায় বড় ধরনের দুর্নীতি হয়েছে। তিনি অভিযোগ করেছেন, ২০২১ সালে ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায়ের নেতৃত্বে কয়েক কোটি টাকার জমি অস্বাভাবিক বেশি দামে কেনা হয়েছে। যেমন, ২ কোটি টাকার জমি ১৮.৫ কোটি টাকায়, ৩ কোটি টাকার জমি ২৪ কোটিতে এবং ৯ কোটির জমি ৫৫.৫ কোটিতে কেনার অভিযোগ তুলেছেন তিনি। তাঁর দাবি, এই জমি দুর্নীতি নিয়ে তিনি এর আগেও অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু রাজনৈতিক প্রভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
অন্যদিকে, স্বামী প্রসাদ মৌর্য এই তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি দাবি করেছেন, কোনো FIR দায়ের না করে পুলিশের এই তদন্ত আসলে ধামাচাপা দেওয়ার চেষ্টা। তাঁর প্রশ্ন, এত বড় কেলেঙ্কারিতে কি চম্পত রায় দায় এড়াতে পারেন? উত্তরপ্রদেশের যোগী সরকার কি আদতে ট্রাস্টের মূল কর্তাব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস দেখাবে? এই প্রশ্নেই এখন সরগরম উত্তরপ্রদেশের রাজনীতি।