মর্মান্তিক বাস-ট্রাক সংঘর্ষ, তিস্তা সেতুর কাছে মৃত ২, জখম একাধিক

রবিবার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এল জলপাইগুড়ির ময়নাগুড়িতে। ময়নাগুড়ির উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দুই যাত্রীর। এই দুর্ঘটনায় বাসের আরও বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে খবর।

রবিবার সকালের দিকে বাসটি যাত্রী নিয়ে যাওয়ার পথে উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সরাসরি ধাক্কা লাগে। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।

দুর্ঘটনায় আহত যাত্রীদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে।

 প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত দুই যাত্রীর নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ট্রাকটিকে আটক করেছে। তবে ঘাতক ট্রাকের চালক ও খালাসি পলাতক বলে জানা গিয়েছে।

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, কিভাবে এই ভয়াবহ সংঘর্ষ ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। ট্রাফিক নিয়ম লঙ্ঘন বা অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে কি না, তাও পুলিশ তদন্ত করে দেখছে।