শমীক ভট্টাচার্যকে সরাচ্ছে বিজেপি? ক্ষমতা দখলের এক বছরের মধ্যেই বড় চমক!

পশ্চিমবঙ্গে বিজেপিকে ঐতিহাসিক জয় এনে দেওয়ার ঠিক এক বছরের মাথায় দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে ঘিরে শুরু হয়েছে নয়া রাজনৈতিক জল্পনা। হঠাৎ কেন তাঁর ‘বিকল্প’ খোঁজার আলোচনা তুঙ্গে? তবে কি রাজ্য রাজনীতি থেকে তাঁকে সরিয়ে দিল্লিতে পাঠানো হচ্ছে? এই প্রশ্নই এখন রাজ্যজুড়ে রাজনৈতিক মহলের চর্চার কেন্দ্রবিন্দুতে।

কেন্দ্রীয় মন্ত্রিসভায় শমীক? দলীয় সূত্রে খবর, শমীক ভট্টাচার্যের দক্ষতাকে সম্মান জানিয়ে তাঁকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রীর দায়িত্ব দেওয়ার কথা গুরুত্ব সহকারে ভাবছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। গত নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির অভাবনীয় সাফল্যের পুরস্কার হিসেবেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। তবে তিনি যদি কেন্দ্রীয় রাজনীতিতে যেতে ইচ্ছুক না হন, সেক্ষেত্রে রাজ্য সরকারের অধীন কোনো গুরুত্বপূর্ণ সংস্থা বা কর্পোরেশনের শীর্ষ পদে বসানোর বিকল্প পরিকল্পনাও রয়েছে হাইকম্যান্ডের।

শারীরিক অসুস্থতা ও বিশ্রাম: সূত্রের খবর, এই সিদ্ধান্তের নেপথ্যে থাকা অন্যতম প্রধান কারণ হলো শমীকবাবুর শারীরিক অবস্থা। ৬২ বছর বয়সী এই নেতা বেশ কিছুদিন ধরেই অসুস্থ। সম্প্রতি তাঁর অস্ত্রোপচারও হয়েছে। চিকিৎসকদের কড়া নির্দেশ— আপাতত তাঁকে বিশ্রামে থাকতে হবে। এই পরিস্থিতিতে রাজ্যের লাগাতার সাংগঠনিক কর্মসূচির ধকল নেওয়া তাঁর পক্ষে অসম্ভব হয়ে পড়ছে।

নতুন রাজ্য সভাপতি কে? সংগঠনে নবীন রক্ত সঞ্চারে এবং আগামী দিনের চ্যালেঞ্জ সামলাতে কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির রাজ্য কাঠামোয় বড়সড় রদবদল করতে চলেছে। নতুন রাজ্য সভাপতির দৌড়ে এখন আলোচনার শীর্ষে রয়েছেন দু’জন:

  • জ্যোতির্ময় সিং মাহাত: তরুণ ও দক্ষ মুখ হিসেবে পুরুলিয়ার এই সাংসদকে নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

  • লকেট চট্টোপাধ্যায়: মহিলা মুখ হিসেবে প্রাক্তন এই সাংসদও রয়েছেন তালিকার একেবারে সামনের সারিতে।

 শমীক ভট্টাচার্যের সাথে লকেট চট্টোপাধ্যায় ও জ্যোতির্ময় সিং মাহাতোর গ্রাফিক-

অতীতের পুনরাবৃত্তি? ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর দিলীপ ঘোষের হাত থেকে দায়িত্ব গিয়েছিল সুকান্ত মজুমদারের কাঁধে। এরপর ২০২৫ সালের ৩ জুলাই শমীক ভট্টাচার্য দায়িত্ব নিয়ে দলের আদি-নব্য দ্বন্দ্ব মিটিয়ে বিজেপিকে ক্ষমতায় এনে নজির গড়েন। তাঁর এক বছরের কার্যকালে দিলীপ ঘোষের মতো প্রবীণ নেতাদেরও মূলস্রোতে ফেরানো ছিল অন্যতম বড় সাফল্য।

সাংগঠনিক রদবদলে কি ঝড় আসছে? শুধুমাত্র রাজ্য সভাপতির পদ নয়, পুরো রাজ্য কমিটিতেই বড়সড় পরিবর্তনের ছক কষছে গেরুয়া শিবির। দলের ৪৩টি সাংগঠনিক জেলার সভাপতিদের বড় অংশের পদ পরিবর্তন হতে পারে বলে খবর। ফলে, আগামী দিনে পশ্চিমবঙ্গ বিজেপির সাংগঠনিক রূপরেখা কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞেরা।

শমীক ভট্টাচার্যের পরিবর্তে নতুন সভাপতি হিসেবে আপনি কাকে বেশি যোগ্য মনে করেন— লকেট চট্টোপাধ্যায় নাকি জ্যোতির্ময় সিং মাহাত? আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy