যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে গুঁড়িয়ে দিতে ভারত তার সামরিক সক্ষমতা আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে। ভারতীয় সেনাবাহিনী এবার তাদের যুদ্ধক্ষমতা বাড়াতে অত্যাধুনিক ‘মর্টার স্পেশালিস্ট ভেহিকেল’ (এমএসভি) কেনার প্রস্তুতি শুরু করেছে। এই আধুনিক যানটি ৮১ মিমি ও ১২০ মিমি মর্টার সিস্টেমের সঙ্গে যুক্ত থাকবে এবং মাত্র দুজন সৈন্য দ্বারা নিয়ন্ত্রিত হবে।
সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর ব্যালিস্টিক কম্পিউটার, যা স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যের দূরত্ব ও দিক গণনা করে প্রথম শটেই নিখুঁত নিশানা নিশ্চিত করবে। প্রচলিত হাতে করা গণনার ওপর নির্ভরশীল মর্টার ব্যবস্থার ভুলগুলো সংশোধন করে, এটি শত্রুর পাল্টা আক্রমণ এড়াতে ফায়ার করার পরপরই দ্রুত অবস্থান পরিবর্তনের সক্ষমতা দেবে। সেনার চাহিদা অনুযায়ী, যানটি মাত্র ২০ সেকেন্ডে ফায়ারিংয়ের জন্য তৈরি হবে এবং ৫৪টি পর্যন্ত মর্টার বোমা বহনের ক্ষমতা রাখবে।
এই যানটি মহাসড়কে ঘণ্টায় ৮০ কিলোমিটার এবং দুর্গম রাস্তায় ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে ছুটতে সক্ষম। একবার জ্বালানি পূর্ণ করলে এটি সাধারণ রাস্তায় ৪০০ কিমি এবং দুর্গম এলাকায় ২৫০ কিমি পথ পাড়ি দিতে পারবে। লাদাখের মতো ১৭,০০০ ফুট উচ্চতার পাহাড়ি এলাকায় মাইনাস ২৫ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করার মতো করে এটি তৈরি করা হচ্ছে। সাথে থাকবে অ্যান্টি-ড্রোন কেজ, রান-ফ্ল্যাট টায়ার এবং আধুনিক সামরিক যোগাযোগ ব্যবস্থা। সেনাবাহিনীর এই নতুন সংযোজন ব্যাটালিয়ন স্তরে ফায়ার সাপোর্টকে আরও শক্তিশালী ও নেটওয়ার্ক-ভিত্তিক করে তুলবে।





