অনলাইন গেম খেলেন? সুপ্রিম কোর্টের এই রায়ে কপাল পুড়ল গেমিং জায়ান্টদের, ২ লক্ষ কোটি টাকার দেনার মুখে শিল্প!

অনলাইন গেমিং শিল্পের ওপর বড়সড় আঘাত হানল সুপ্রিম কোর্ট। রিয়েল মানি গেমিং প্ল্যাটফর্মে ২৮ শতাংশ জিএসটি আরোপ করার সরকারি সিদ্ধান্তকে সিলমোহর দিয়েছে শীর্ষ আদালত। শুধু বর্তমান নয়, পুরোনো বকেয়া করের ওপরও এই নিয়ম কার্যকর হবে বলে জানানো হয়েছে। আদালতের এই রায়ের ফলে ভারতের শীর্ষস্থানীয় গেমিং কোম্পানিগুলোর ওপর হাজার হাজার কোটি টাকার করের বোঝা চেপেছে।

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী, অনলাইন বেটিং ও আসল টাকার গেমিং জুয়ার সমতুল্য। তাই এই প্ল্যাটফর্মগুলোর ওপর ২৮% জিএসটি ধার্য করা আইনত বৈধ। এই রায়ের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ড্রিম ১১ (ড্রিম স্পোর্টস), যাদের বকেয়া করের দাবি ২৫,০০০ থেকে ৪০,০০০ কোটি টাকা হতে পারে। এছাড়া গেমস্ক্র্যাফট টেকনোলজিস (২১,০০০ কোটি), ডেল্টা কর্প (২৫,০০০ কোটি) এবং গেমস ২৪×৭ (২০,০০০ কোটি)-এর মতো বড় কোম্পানিগুলোর আর্থিক স্থিতি সংকটে পড়েছে। বিশেষজ্ঞদের মতে, সুদ ও জরিমানা মিলিয়ে পুরো শিল্পের বকেয়া করের পরিমাণ ২ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

পাশাপাশি আদালত রাজ্যগুলিকে নিজ নিজ সীমানায় অনলাইন বাজি নিষিদ্ধ করার অধিকার দিয়েছে। আদালতের এই কঠোর অবস্থানের পর অনলাইন গেমিং কোম্পানিগুলো অস্তিত্ব রক্ষার সংকটে পড়েছে। অনেকেই ইতিমধ্যেই ব্যবসা গুটিয়ে নেওয়ার বা ক্ষেত্র পরিবর্তনের পথে হাঁটছে। ডিজিটাল গেমিং জগতের এই অস্থিরতা ভারতীয় স্টার্টআপ ইকোসিস্টেমে বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy