অশান্তি ভুলে কি স্বাভাবিক হচ্ছে ভারত-চীন সম্পর্ক? এলএসি নিয়ে বেইজিংয়ে কি চূড়ান্ত সিদ্ধান্ত?

সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা প্রশমন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে বেইজিংয়ে অনুষ্ঠিত হলো ভারত ও চীন—উভয় দেশের উচ্চপর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক। গত ২৭ মে আয়োজিত ডব্লিউএমসিসি (WMCC)-এর ৩৫তম বৈঠকে দুই দেশ সীমান্ত পরিস্থিতির সার্বিক পর্যালোচনা করেছে। বৈঠকে ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন যুগ্ম সচিব সুজিত ঘোষ এবং চীনা প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিদেশ মন্ত্রকের মহানিরচালক হো ইয়াংচি।

বৈঠক শেষে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, আলোচনাটি অত্যন্ত গঠনমূলক ছিল। উভয় পক্ষই একমত হয়েছে যে, সীমান্তে শান্তি ও স্থায়িত্ব বজায় রাখার ফলে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া গতি পেয়েছে। এই আলোচনায় সীমান্ত ব্যবস্থাপনা, সামরিক ও কূটনৈতিক স্তরের যোগাযোগ বৃদ্ধি এবং সীমান্তবর্তী নদীর জল বণ্টনসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত কথা হয়েছে। নয়াদিল্লি বিশেষ করে আন্তঃসীমান্ত নদী বিষয়ক বিশেষজ্ঞ কমিটির বৈঠক দ্রুত আয়োজনের ওপর জোর দিয়েছে।

গত কয়েক বছরে সীমান্ত বিতর্ককে কেন্দ্র করে ভারত ও চীনের সম্পর্কে ব্যাপক অবনতি হয়েছিল। তবে সাম্প্রতিক এই ধারাবাহিক বৈঠক ও সামরিক স্তরের সংলাপগুলো পরিস্থিতি স্থিতিশীল করার বার্তা দিচ্ছে। এই আলোচনার মাধ্যমে দুই দেশই সম্মত হয়েছে যে, নিয়মিত কূটনৈতিক যোগাযোগ বজায় রাখা হবে এবং বিশেষ প্রতিনিধিদের পরবর্তী বৈঠকের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি যৌথভাবে নেওয়া হবে। এই বৈঠকটি প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় দীর্ঘমেয়াদী শান্তি স্থাপনের পথে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy