বাড়ির টবের একটি পাতা ছিঁড়ে গেলে আমরা সচরাচর সেটি ফেলে দিই। কিন্তু প্রকৃতির এক অদ্ভুত ও দারুণ জাদু হলো, নির্দিষ্ট কিছু ইনডোর প্ল্যান্টের একটি পাতা থেকেই জন্ম নিতে পারে নতুন প্রাণের। বর্তমানে এই পদ্ধতি বা ‘লিফ প্রোপাগেশন’ গাছপ্রেমীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। এর মূল কারণ হলো এতে বাগান করার খরচ প্রায় নেই বললেই চলে এবং পরিশ্রমও খুবই কম। এর জন্য বিশাল জায়গার প্রয়োজন নেই, এমনকি দরকার নেই দামি সরঞ্জামের। শুধু একটি সুস্থ পাতা, পরিষ্কার জল আর সামান্য ধৈর্য থাকলেই আপনি ঘরে বসেই তৈরি করে ফেলতে পারেন আপনার নিজস্ব বাগান। চলুন জেনে নিই এমন ৫টি ইনডোর প্ল্যান্ট সম্পর্কে, যা শুধুমাত্র একটি পাতা থেকেই নতুন চারা তৈরি করতে সক্ষম।
প্রথমেই আসে আফ্রিকান ভায়োলেট। যারা নতুনভাবে গাছ লাগানো শিখছেন, তাদের জন্য এটি সেরা পছন্দ। একটি সুস্থ পাতা সংগ্রহ করে তার ডাঁটিটি প্রায় ১ সেন্টিমিটার পরিমাণ জলে ডুবিয়ে রাখুন। ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যেই পাতাটির গোড়া থেকে ছোট ছোট নতুন চারা গজাতে শুরু করবে। কম আলোতেও এটি চমৎকার বাড়ে, তাই ছোট ফ্ল্যাটের জন্য এটি আদর্শ।
দ্বিতীয়ত, বেগোনিয়া রেক্স। এর পাতায় লুকানো জাদুকরী ক্ষমতার জন্য অনেকে একে ‘ম্যাজিক লিফ প্ল্যান্ট’ বলেন। এই গাছের একটি সুস্থ পাতার শিরা বরাবর ছোট ছোট টুকরো করে কেটে নিন। এরপর সেগুলোকে হালকা ভেজা মাটি বা জলে রেখে দিন। ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে প্রতিটি শিরার অংশ থেকে নতুন চারা বেরিয়ে আসবে।
তৃতীয়ত, স্নেক প্ল্যান্ট বা সেনসেভিয়েরিয়া। ঘরের বাতাস বিশুদ্ধ রাখতে এটি অপ্রতিদ্বন্দ্বী। এর লম্বা পাতাটি ৭-৮ সেন্টিমিটারের ছোট টুকরোয় কেটে নিন। টুকরোগুলোর নিচের অংশ জলে ডুবিয়ে রাখুন। প্রায় দুই মাসের মধ্যে এখান থেকে নতুন শিকড় এবং ছোট চারা দেখা দেবে।
চতুর্থত, পেপারোমিয়া। এর চকচকে ও ছোট পাতাগুলো ইনডোর ডেকোরেশনের জন্য দারুণ। পাতাটি ছোট ডাঁটিসহ জলে রেখে দিন। ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যেই নিচ থেকে নতুন রোজেট বা পাতার গুচ্ছ তৈরি হবে।
পঞ্চমত, জেডজেড প্ল্যান্ট, ক্র্যাসুলা, ক্যালানকোই এবং স্ট্রেপ্টোকার্পাস। এই গাছগুলোও শুধুমাত্র একটি পাতা থেকে বংশবিস্তার করতে সক্ষম। এগুলোর জন্য কোনো জটিল ব্যবস্থাপনার প্রয়োজন নেই, শুধু নিয়মিত জল পরিবর্তন আর সঠিক আলোর দিকে খেয়াল রাখলেই নতুন গাছ আপনার ঘরের শোভা বাড়াবে। দেরি না করে আজই শুরু করে দিন পাতায় বাগান করার এই দারুণ অভিজ্ঞতা।





