অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর পর থেকেই লাইমলাইটে চলে এসেছিলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। অভিনেতার অকালপ্রয়াণের পর রিয়াকে যেমন কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল, তেমনই মাদককাণ্ডে জড়িয়ে দীর্ঘ ২৮ দিন হাজতবাসও করতে হয়েছিল তাঁকে। পরবর্তীতে সমস্ত অভিযোগ থেকে আদালত তাঁকে অব্যাহতি দিলেও, সেই ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরার লড়াই আজও জারি রয়েছে রিয়ার। তবে এবার হঠাৎ করেই এক বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন অভিনেত্রী।
“জীবনটা বড্ড ভারী হয়ে উঠেছে…”
মঙ্গলবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করে নিজের এই সিদ্ধান্তের কথা জানান রিয়া। তিনি ভার্চুয়াল দুনিয়া বা সোশ্যাল মিডিয়া থেকে সাময়িক বিরতি (Digital Detox) নেওয়ার ঘোষণা করেছেন।
পোস্টে রিয়া লেখেন, “সম্প্রতি আমি নিজেকে খুব মিস করছি। অনবরত কোলাহল আর মোবাইল স্ক্রিন স্ক্রল করা— এ সব যেন জীবনের ওপর খুব ভারী হয়ে উঠেছে। এমনটা আমি আশা করিনি। জীবনের প্রতিটা মুহূর্তকে জীবন্তভাবে বাঁচার অনুভূতিটাই যেন হারিয়ে গিয়েছে।”
“শান্তভাবে বেঁচে থাকার অনুভূতি যেন এখন আর নেই। সাধারণ জীবনযাপনের বড্ড অভাব বোধ করছি। তাই কিছু সময়ের জন্য আমি একটু থমকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একটু গভীর শ্বাস নিতে চাই এবং আশপাশে যা কিছু বাস্তব ও খাঁটি, সেগুলোর সঙ্গে নতুন করে যোগাযোগ তৈরি করতে চাই।” — রিয়া চক্রবর্তী (সোশ্যাল মিডিয়া পোস্ট)
উদ্বেগে অনুগামীরা, তবে ফেরার আশ্বাস
রিয়ার এই মানসিক টানাপোড়েনের পোস্ট দেখে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন তাঁর ভক্তরা। তবে নেটিজেনদের আশ্বস্ত করে অভিনেত্রী জানিয়েছেন, জীবনের প্রতিটি মুহূর্তের স্বাদ সরাসরি উপভোগ করার জন্যই এই ছোট বিরতি। খুব শীঘ্রই তিনি আবার চেনা ছন্দে ভার্চুয়াল দুনিয়ায় ফিরে আসবেন।
উল্লেখ্য, বিগত বছর, অর্থাৎ ২০২৪ সালে ‘চ্যাপ্টার ২’ নামে নিজের একটি পডকাস্ট শো শুরু করেছিলেন রিয়া, যার বেশ কয়েকটি পর্ব দর্শকদের মধ্যে বেশ সাড়াও ফেলেছিল।
জেলজীবন পেরিয়ে ঘুরে দাঁড়ানোর গল্প
২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি, সিবিআই ও এনসিবির দফতরে চক্কর কাটতে হয়েছিল রিয়াকে। মাদক মামলায় ২৮ দিন জেল খাটার পর জামিন পান তিনি। তারপর থেকে সংবাদমাধ্যমের কড়া নজরদারি ও অনলাইন ট্রোলিং সামলে ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নিচ্ছেন রিয়া। পেশাগত জীবনেও বড় খবর রয়েছে; খুব শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের ড্রামা সিরিজ ‘ফ্যামিলি বিজনেস’-এর মাধ্যমে আবারও অভিনয়ে কামব্যাক করতে চলেছেন সুশান্তের এই প্রাক্তন প্রেমিকা। তবে তার আগেই নিজের মনকে শান্ত করতে বাস্তব দুনিয়ায় ডুব দিলেন রিয়া।





