রাজ্যের শিক্ষা ব্যবস্থায় এক ঐতিহাসিক পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার থেকে রাজ্যের সমস্ত বিদ্যালয়ে জাতীয় সঙ্গীত ‘জনগণমন’-র পাশাপাশি ‘বন্দে মাতরম’ গানটিও প্রার্থনা সঙ্গীত হিসেবে গাইতে হবে। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, আগামী সোমবার থেকেই এই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে এবং এই সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশিকা নবান্ন থেকে দ্রুত জারি করা হবে।
বিকাশ ভবন সূত্রে খবর, ইতিমধ্যেই রাজ্যের সমস্ত জেলা শাসকদের কাছে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। জেলা স্কুল পরিদর্শক বা ডিআই-রা ই-মেল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রতিটি স্কুলকে এই সরকারি সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। এর আগে নিয়ম ছিল, জাতীয় সঙ্গীতের পর রাজ্য সঙ্গীত ‘বাংলার মাটি, বাংলার জল’ গাওয়া বাধ্যতামূলক ছিল। কিন্তু বর্তমান সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে রাজ্য সঙ্গীতের পরিবর্তে জাতীয় স্তোত্র বা রাষ্ট্রগান ‘বন্দে মাতরম’ গাওয়া হবে।
এই নতুন নির্দেশিকা ঘিরে শিক্ষক মহলে মিশ্র প্রতিক্রিয়া এবং কিছুটা বিভ্রান্তিও তৈরি হয়েছে। অনেক শিক্ষকই প্রশ্ন তুলছেন, জাতীয় সঙ্গীত এবং বন্দে মাতরম কি একসঙ্গে গাওয়া হবে? যদি হয়, তবে কোন গানটি আগে এবং কোনটি পরে গাওয়া হবে, তা নিয়ে স্পষ্ট ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। এছাড়া বহু স্কুলের নিজস্ব দীর্ঘদিনের প্রার্থনা সঙ্গীত রয়েছে, সেই সব ক্ষেত্রে নিয়মের রূপরেখা কী হবে, তা নিয়েও জল্পনা চলছে। শিক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, স্কুলগুলিতে এই নিয়ম ঠিকমতো পালিত হচ্ছে কি না, তা নিয়মিত তদারকি করা হবে এবং স্কুল কর্তৃপক্ষকে নির্দিষ্ট দপ্তরে রিপোর্টও জমা দিতে হবে। দেশপ্রেমের চেতনা পড়ুয়াদের মধ্যে আরও দৃঢ় করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।





