রাহুলের মৃত্যুর দেড় মাস পর প্রথমবার প্রকাশ্যে সহজ, মায়ের সঙ্গে মঞ্চে উঠে যা করল খুদে…?

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণের ক্ষত এখনও টাটকা। মাস দেড়েক আগে তালসারিতে শুটিং চলাকালীন তাঁর সেই আকস্মিক চলে যাওয়ার ঘটনা আজও মেনে নিতে পারছেন না অনুরাগী থেকে সহকর্মীরা। কিন্তু জীবন থেমে থাকে না। শোকের পাহাড় বুকে নিয়েই ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার লড়াই শুরু করেছে রাহুলের পরিবার। একদিকে মা প্রিয়াঙ্কা সরকার যখন নিজেকে কাজে ডুবিয়ে রাখছেন, অন্যদিকে ছোট্ট সহজও নিজের মতো করে মানিয়ে নিচ্ছে বাস্তবকে।

সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেল প্রদীপ্ত ভট্টাচার্য পরিচালিত ব্যাতিক্রমী ছবি ‘নধরের ভেলা’-র একটি বিশেষ শো। সেখানেই দেখা গেল এক আবেগঘন মুহূর্ত। মা প্রিয়াঙ্কার হাত ধরে শো দেখতে হাজির হয়েছিল ছোট্ট সহজ। শুধু দর্শকদের সারিতে বসে থাকাই নয়, শো শেষে মায়ের সঙ্গে মঞ্চেও ওঠে সে। এর আগে একাধিক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, সহজ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। এদিন মঞ্চে সহজের উপস্থিতি দর্শকদের মন ছুঁয়ে যায়।

তবে এই আয়োজনটি ছিল আরও বিশেষ। শুধু সহজ নয়, এই ছবির অন্যতম প্রধান অভিনেতা ঋত্বিক চক্রবর্তীও উপস্থিত ছিলেন তাঁর পুত্র অভিমন্যুকে নিয়ে। শো শেষে দুই তারকাপুত্র—সহজ ও অভিমন্যু মিলে কেক কেটে সিনেমার সাফল্য উদযাপন করে। উপস্থিত দর্শকেরা এই মিষ্টি মুহূর্ত দেখে আপ্লুত হয়ে পড়েন।

‘নধরের ভেলা’ ছবিটি সাধারণ বাণিজ্যিক ছবির মতো প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য এক অভিনব পদ্ধতি বেছে নিয়েছেন। নাটকের স্টাইলে বিভিন্ন মঞ্চে এই ছবির শো করা হচ্ছে। ইতিমধ্যেই বাংলা ছাড়িয়ে বিদেশেও সমাদৃত হয়েছে এই প্রথা ভাঙা সিনেমা। এই শো-এর সবচেয়ে বড় আকর্ষণ হলো, সিনেমা শেষ হওয়ার পর কলাকুশলীরা সরাসরি মঞ্চে উঠে আসেন। পর্দায় যাঁদের অভিনয় দেখে দর্শকরা মুগ্ধ হন, তাঁদের সামনে থেকে দেখা এবং কথা বলার সুযোগ পান। সিনেমা আর বাস্তবের এই মেলবন্ধনই ‘নধরের ভেলা’-কে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। রাহুলহীন পৃথিবীতে সহজকে নিয়ে প্রিয়াঙ্কার এই পথচলা আর সহজের হাসিমুখ এদিন অনেক না বলা যন্ত্রণার মাঝেও আশার আলো দেখাল টলিউডকে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy