বলিউডের পর্দায় তিনি মানেই শ্বাসরুদ্ধকর অ্যাকশন আর বিপজ্জনক সব স্টান্ট। যে বয়সে সাধারণ মানুষ শরীর নিয়ে হিমশিম খান, সেই ৫৭ বছর বয়সেও অক্ষয় কুমারের ফিটনেস টেক্কা দেবে যেকোনো তরুণ তারকাকে। কিন্তু পর্দার এই সুপারহিরোও যে রক্ত-মাংসের মানুষ, সেই রূঢ় বাস্তবই ধরা পড়ল সম্প্রতি। শুটিংয়ের চোট-আঘাতকে থোড়াই কেয়ার করা বলিউডের এই ‘খিলাড়ি’ এবার বাধ্য হয়েই কাজ থেকে বিরতি নিলেন। কারণ, তাঁর চোখে হয়েছে একটি জরুরি অস্ত্রোপচার।
জানা গিয়েছে, গত বুধবার অর্থাৎ ৬ মে সকালে মুম্বইয়ের একটি হাসপাতালে অক্ষয় কুমারের চোখের অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসকদের পরিভাষায় এটি একটি ‘ভিশন কারেকশন’ বা দৃষ্টিশক্তি সংশোধনের ছোট সার্জারি ছিল। বিষয়টি খুব একটা গুরুতর না হলেও, চোখের মতো স্পর্শকাতর অঙ্গ হওয়ায় চিকিৎসকরা তাঁকে পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। সামান্য অসতর্কতা ভবিষ্যতে বড় সমস্যার কারণ হতে পারে, তাই আপাতত ক্যামেরার আলো থেকে দূরে বাড়ির নিভৃতে সময় কাটাচ্ছেন অভিনেতা।
অক্ষয় কুমার মানেই পেশাদারিত্বের এক অনন্য নজির। চোট নিয়ে শুটিং চালিয়ে যাওয়া তাঁর কাছে নতুন কিছু নয়। কিন্তু এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। সম্প্রতি পরিচালক আনিস বাজমির আগামী ছবির কেরল শিডিউলের কাজ শেষ করে মুম্বই ফেরেন তিনি। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন বিদ্যা বালন এবং রাশি খান্না। কেরলের ক্লান্তিকর শ্যুটিং পর্বের পর চোখের এই সমস্যা ধরা পড়ায় আর ঝুঁকি নিতে চাননি অক্ষয়।
তবে ‘আক্কি’র ভক্তদের জন্য দুশ্চিন্তার কিছু নেই। বিশ্রাম নিলেও তাঁর হাতে রয়েছে একগুচ্ছ ধামাকাদার প্রজেক্ট। খুব শীঘ্রই সুস্থ হয়ে তিনি ফিরবেন ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ‘হেওয়ান’, ‘গোলমাল ফাইভ’ এবং একটি বহুল চর্চিত মারাঠি ছবির কাজে। আপাতত চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন তিনি। বড় পর্দায় তাঁকে ফের অ্যাকশন মেজাজে দেখতে মুখিয়ে রয়েছেন আপামর সিনেমাপ্রেমী।





