বুধবার রাতে মধ্যমগ্রামের দোহাড়িয়া এলাকায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক তথা প্রাক্তন সেনাকর্মী চন্দ্রনাথ রথের নৃশংস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এখন রণক্ষেত্রের চেহারা নিয়েছে রাজ্য রাজনীতি। নিজের ফ্ল্যাটের ঢিলছোড়া দূরত্বে বাইকে আসা ঘাতক বাহিনীর গুলিতে যেভাবে এক অরাজনৈতিক ব্যক্তিকে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে, তাতে স্তম্ভিত সাধারণ মানুষও। ঘটনার গুরুত্ব বিচার করে বৃহস্পতিবার সকালেই দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে সিআইডির (CID) একটি বিশেষ প্রতিনিধি দল। পুলিশ সূত্রের খবর, সম্ভবত সিআইডি-র হাতেই উঠতে চলেছে এই হাই-প্রোফাইল মামলার তদন্তভার। ইতিমধ্যেই নমুনা সংগ্রহের কাজ শুরু করেছেন আধিকারিকরা। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ভিনরাজ্যের পেশাদার ‘সুপারি কিলার’দের দিয়ে অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এবার রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন টালিগঞ্জের নবনির্বাচিত বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। আজকাল ডট ইন-কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি এই খুনের জন্য সরাসরি তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছেন। একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়েও তিনি কোনো রাখঢাক করেননি। পাপিয়া দেবী বলেন, “দেখুন, আমাদের এত ছেলে আজ শোকে আর রাগে ফেটে পড়ছে, কিন্তু আমরা বারবার ওদের শান্ত থাকতে বলেছি। আমি আমার ছেলেদের নির্দেশ দিয়েছি—ওরা যদি পশু হয়ে কামড়ায়, আমরা কিন্তু পাল্টা কামড়াব না। আমরা মানুষকে রক্ষা করতে এসেছি, কোনো দাঙ্গা বাঁধাতে নয়।”
তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে পাপিয়া অধিকারী আরও বলেন, “সামনে দু’দিন পরেই আমাদের সরকার গঠনের শপথগ্রহণ। আর তার আগেই তৃণমূল দাঙ্গা বাধানোর মতলব করছে। ওদের বড় বড় নেতারা সব লুকিয়ে পড়েছে আর এখন নেপথ্যে থেকে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। হার সহ্য করতে না পেরে ওরা এখনও হিংসার রাজনীতি চালিয়ে যাচ্ছে।” মুখ্যমন্ত্রীর পদত্যাগ প্রসঙ্গে তিনি কড়া মেজাজে বলেন, “এত কিছুর পরেও মমতা বলছেন তিনি পদত্যাগ করবেন না? মানুষ এবার ওই কুর্সি ধরে টেনে গঙ্গায় ফেলে দেবে!”
শুভেন্দুর আপ্ত সহায়কের খুনের ঘটনায় বিজেপি কর্মীদের মধ্যে চাপা উত্তেজনা থাকলেও দল যে আপাতত আইনশৃঙ্খলার ওপর আস্থা রাখতে চায়, তা স্পষ্ট করে দিয়েছেন পাপিয়া। তবে এই ‘জঙ্গুলে স্বভাব’ বিজেপি আর বরদাস্ত করবে না বলেও তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন। এখন দেখার, সিআইডি তদন্তে এই হাই-প্রোফাইল খুনের নেপথ্যে থাকা আসল মাস্টারমাইন্ডের হদিস মেলে কি না।





