১৫ বছরের জোড়াফুল সাম্রাজ্যের পতন হয়েছে বঙ্গে। ৪ মে-র নির্বাচনী ফলাফলে গেরুয়া ঝড়ে কার্যত ধুয়ে মুছে গিয়েছে রাজ্যের শাসক দল। আর এই ভরাডুবির পর থেকেই শুরু হয়েছে টলিউডের তৃণমূলপন্থী তারকাদের নিয়ে তীব্র নেট-কটাক্ষ। বিশেষ করে ব্যারাকপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচীর কাছে হারের পর পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তীর হেনস্থার ঘটনা এখন টলিপাড়ার সবথেকে চর্চিত বিষয়।
সোমবার গণনাকেন্দ্র থেকে বেরোনোর সময় চরম বিশৃঙ্খলার মুখে পড়েন রাজ চক্রবর্তী। উত্তেজিত জনতার একাংশ তাঁকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দেয়। শুধু তাই নয়, একদল যুবক রাজের দিকে কাদা ছুঁড়ে মারে বলেও অভিযোগ। রাজনৈতিক জীবনের এই নজিরবিহীন অপমানে আপাতত সংবাদমাধ্যম থেকে দূরত্ব বজায় রাখলেও, রাজের হয়ে ময়দানে নেমেছেন তাঁর ঘরণী তথা অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে রাজের সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠ ও আদুরে ছবি শেয়ার করেছেন শুভশ্রী। সেখানে স্বামীকে আগলে রেখে তিনি লিখেছেন, “আমাদের সুপার হিরো, আমাদের গর্ব, আমাদের সুপারস্টার, আমাদের ঘর, আমাদের পৃথিবীর কেন্দ্র…।” কঠিন সময়ে রাজের প্রতি শুভশ্রীর এই অটল ভালোবাসা ও সমর্থন দেখে অনেকেই প্রশংসা করেছেন। কিন্তু পাল্লা দিয়ে বেড়েছে কটাক্ষের হারও।
এক নেটিজেন বিদ্রুপ করে লিখেছেন, “চুরি করা টাকায় ফুটানি এবার বেরোবে।” আবার অন্য এক নেটিজেনের মন্তব্য, “একটু কাদা ছুঁড়েছে তাতে এত দুঃখ? মুখে লেপে দিলে কি ভারত বনধ ডাকতেন?”
উল্লেখ্য, ভোটের দিন সংবাদমাধ্যমের সামনে বেশ আত্মবিশ্বাসী ছিলেন শুভশ্রী। নাম না করে বিজেপি ও কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করে তিনি বলেছিলেন, “মা দুর্গার সঙ্গে লড়াই করতে অনেক মহিষাসুর আর বাহিনী আসে, কিন্তু জয় মা দুর্গারই হয়।” এমনকি আইপিএস অজয় পাল শর্মাকে নিয়ে তাঁর মন্তব্য ছিল, “সিংহ তো মা দুর্গার পায়ের তলায় থাকে।” শুভশ্রীর সেই ‘অহঙ্কারী’ মন্তব্যগুলোই এখন বুমেরাং হয়ে তাঁর দিকে ফিরে আসছে বলে দাবি নেটিজেনদের একাংশের।
২০১৮ সালে ধুমধাম করে বাওয়ালি রাজবাড়িতে বিয়ে হয়েছিল এই রাজকীয় দম্পতির। অতীতে মেসিকান্ডের সময় শুভশ্রী যখন ট্রোলড হয়েছিলেন, রাজ তাঁর পাশে পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন। এবার স্বামীর পরাজয় ও অপমানে ঢাল হয়ে দাঁড়ালেন খোদ রাজ-ঘরণী। এখন দেখার, এই রাজনৈতিক পটপরিবর্তনের পর টলিপাড়ার ‘পাওয়ার কাপল’ তাঁদের এই কঠিন সময় কীভাবে কাটিয়ে ওঠেন।





