বাংলার মসনদ পরিবর্তনের পরেই কি শুরু হয়ে গেল ‘বদল’ বনাম ‘বদলা’র খেলা? ফল ঘোষণার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার মুর্শিদাবাদে মূর্তি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে শুরু হলো চরম উত্তেজনা। জিয়াগঞ্জে কয়েক দশকের পুরনো এক লেনিন মূর্তি ভেঙে ফেলার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে পাল্টা তোপ দেগেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
ফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভোট-পরবর্তী হিংসার খবর আসতে শুরু করেছে। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ও বিজেপির বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলেছেন। এই পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার রাতে জঙ্গিপুর পুরসভা এলাকার শ্রীপৎ সিংহ কলেজ মোড়ে লেনিনের মূর্তিটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে ভিডিওটি পোস্ট করে লেখেন, “গতকাল জিয়াগঞ্জে (গায়ক অরিজিৎ সিংয়ের বাড়ি এবং আমার বাড়ি থেকে এক ঘণ্টার দূরত্বে) বিজেপি কর্মীরা কয়েক দশক পুরনো লেনিনের একটি মূর্তি ভেঙে মাটিতে ফেলে দিয়েছে। তারা দাবি করছে যে এটি শিবাজীর মূর্তি দিয়ে প্রতিস্থাপন করবে। পরিবর্তন উপভোগ করুন।” মহুয়ার এই পোস্ট ঘিরেই এখন রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।
উল্লেখ্য, এবারের নির্বাচনে মুর্শিদাবাদের জঙ্গিপুর আসনটি তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি। তৃণমূল প্রার্থী জাকির হোসেনকে হারিয়ে এখানে জয়ী হয়েছেন বিজেপির চিত্ত মুখোপাধ্যায়। ঘাসফুল শিবিরের দাবি, জয়ের উল্লাস করতে গিয়েই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ভাঙচুর চালিয়েছে।
যদিও বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। গেরুয়া শিবিরের দাবি, এই ঘটনায় তাদের কোনও কর্মী বা সমর্থক যুক্ত নয়। নির্বাচন-পরবর্তী উদযাপনের সময় ভিড়ের সুযোগ নিয়ে কোনও অজ্ঞাত পরিচয় ব্যক্তি এই কাজ করে থাকতে পারে।
আপাতত এই ঘটনাকে কেন্দ্র করে জিয়াগঞ্জ ও জঙ্গিপুর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সজাগ রয়েছে স্থানীয় প্রশাসন।





