পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় সকাল থেকেই বুথে বুথে লম্বা লাইন। প্রথম দফার ভোট মোটের উপর শান্তিপূর্ণ হলেও, আজ বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে। তবে এই রাজনৈতিক উত্তাপের মাঝেই অনেক ভোটারের কপালে চিন্তার ভাঁজ—কারো ভোটার স্লিপ পৌঁছায়নি, আবার কেউ গতকালই ভোটার তালিকায় নাম তুলেছেন। আপনিও কি এই দলে? তাহলে আপনার জন্য রয়েছে নির্বাচন কমিশনের এক দারুণ সমাধান।
স্লিপ ছাড়াই ভোট দেওয়ার উপায়
নির্বাচন কমিশন (ECI) স্পষ্ট জানিয়েছে, ভোটার স্লিপ না থাকলেও আপনার গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া যাবে না। একটি মাত্র এসএমএস (SMS)-এর মাধ্যমেই আপনি পেতে পারেন আপনার ডিজিটাল ভোটার স্লিপ। এর জন্য:
১. ফোনের মেসেজ বক্সে গিয়ে টাইপ করুন ECI।
২. একটি স্পেস দিয়ে লিখুন আপনার ভোটার কার্ডের নম্বর (EPIC Number)।
৩. মেসেজটি পাঠিয়ে দিন ১৯৫০ নম্বরে।
কমিশন সূত্রে খবর, মেসেজ পাঠানোর মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ফিরতি এসএমএস-এ আপনার বুথ নম্বর ও সিরিয়াল নম্বরসহ যাবতীয় তথ্য চলে আসবে। ওই মেসেজটিই আপনি পোলিং স্টেশনে স্লিপ হিসেবে দেখাতে পারবেন।
ভোটার কার্ড নেই? এই ১১টি নথিই যথেষ্ট
অনেক সময় ভোটার তালিকায় নাম থাকলেও হাতে ভোটার কার্ড থাকে না। সেক্ষেত্রে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ভোটার কার্ডের বিকল্প হিসেবে কমিশন আরও ১১টি পরিচয়পত্রকে মান্যতা দিয়েছে। এগুলি হলো:
পাসপোর্ট
ড্রাইভিং লাইসেন্স
সরকারি পরিচয়পত্র (চাকরিজীবীদের জন্য)
ব্যাঙ্কের সচিত্র পাসবুক
প্যান কার্ড (PAN Card)
স্মার্ট কার্ড (শ্রম মন্ত্রক)
MGNREGA জব কার্ড
স্বাস্থ্য বিমার স্মার্ট কার্ড
পেনশনের নথি
আধার কার্ড (Aadhaar Card)
সুতরাং, আপনার নাম যদি তালিকায় থাকে এবং উপরের যে কোনো একটি পরিচয়পত্র সঙ্গে থাকে, তবে আপনি অনায়াসেই ভোটকেন্দ্রে গিয়ে নিজের মতদান করতে পারবেন।





