সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’ (সাবেক টুইটার)-কে একটি ‘এভরিথিং অ্যাপ’ বা সর্বকার্যকরী অ্যাপে পরিণত করার যে স্বপ্ন ইলন মাস্ক দেখেছিলেন, তা এবার বাস্তবের পথে। এক্সচ্যাটের পর মাস্কের পরবর্তী বড় তুরুপের তাস হলো ‘এক্স মানি’ (X Money)। এই নতুন পরিষেবার মাধ্যমে এখন সরাসরি অ্যাপের ভেতরেই ব্যাংকিং ও আর্থিক লেনদেন করা সম্ভব হবে। উল্লেখ্য, মাস্ক একসময় পেপ্যাল (PayPal) তৈরির নেপথ্যে ছিলেন, তাই ফিনটেক দুনিয়ায় তাঁর অভিজ্ঞতা প্রশ্নাতীত।
ব্লুমবার্গের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ‘এক্স মানি’ পিয়ার-টু-পিয়ার পেমেন্ট সুবিধা নিয়ে আসছে। অর্থাৎ, কাউকে টাকা পাঠাতে হলে আর আলাদা কোনো ব্যাংকিং অ্যাপ খুলতে হবে না, চ্যাট বক্স বা প্রোফাইল থেকেই সরাসরি টাকা পাঠানো যাবে। শুধু তাই নয়, ব্যবহারকারীদের জন্য থাকছে বিশেষ ডেবিট কার্ড, যা সম্ভবত ভিসা কার্ড হবে এবং এতে ব্যবহারকারীর এক্স হ্যান্ডেলের নাম খোদাই করা থাকতে পারে। এই কার্ড দিয়ে অ্যাপের বাইরেও সাধারণ কেনাকাটা করা যাবে।
সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো সঞ্চয়ের ওপর প্রায় ৬% সুদ এবং প্রতিটি লেনদেনে ৩% পর্যন্ত ক্যাশব্যাক। সাথে থাকছে xAI চালিত এআই অ্যাসিস্ট্যান্ট, যা আপনার খরচের হিসাব রাখবে এবং আর্থিক পরামর্শ দেবে। তবে যুক্তরাষ্ট্রে আইনি জটিলতা ও বিভিন্ন অঙ্গরাজ্যের লাইসেন্স পেতে দেরি হওয়ায় এটি ধাপে ধাপে লঞ্চ করা হবে। নিউ ইয়র্কের মতো বড় শহরগুলোতে লাইসেন্স প্রক্রিয়া শেষ হলেই বিশ্বজুড়ে এই পরিষেবা চালুর পথে হাঁটবেন মাস্ক।





