ভাঙড়ে তুলকালাম! কেন্দ্রীয় বাহিনীর ওপর চরম চড়াও নওশাদ সিদ্দিকী, রণক্ষেত্র ২৩৩ ও ২৩৪ নম্বর বুথ!

বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ভাঙড়ের রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। দ্বিতীয় দফার নির্বাচনে সবথেকে উত্তপ্ত কেন্দ্র হিসেবে উঠে আসছে ভাঙড়। আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকীর সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের তুমুল বচসা ও ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হওয়ায় গোটা এলাকা কার্যত থমথমে। ২৩৩ ও ২৩৪ নম্বর বুথের সামনে আইএসএফ এবং তৃণমূল কর্মীদের মধ্যে দফায় দফায় হাতাহাতি শুরু হয়েছে।
নওশাদ সিদ্দিকীর অভিযোগ, তৃণমূল কর্মীরা ১০০ মিটারের গণ্ডি পেরিয়ে বুথের ভেতর ঢুকে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। নওশাদের দাবি, “তৃণমূল বুঝে গিয়েছে তারা এখানে হারবে, তাই মরিয়া হয়ে এইসব করছে। আমাদের গাড়ি লক্ষ্য করে অসভ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে।” পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী এগিয়ে এলে উল্টে জওয়ানদের ওপরই চড়াও হতে দেখা যায় আইএসএফ প্রার্থীকে।
অন্যদিকে, তৃণমূল প্রার্থী শওকত মোল্লার শিবিরের পাল্টা অভিযোগ, আইএসএফ কর্মীরা সাধারণ তৃণমূল কর্মীদের বাড়িতে গিয়ে ভাঙচুর চালাচ্ছে। এমনকি সকালে নওশাদ সিদ্দিকীকে এলাকায় দেখে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকরা। কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও ভাঙড়ের অলিগলিতে এখন চরম উত্তেজনা। শওকত বনাম নওশাদের এই মেগা লড়াইয়ে ভাঙড় শেষ পর্যন্ত কার দখলে থাকবে, তা নিয়েই এখন তুঙ্গে রাজনৈতিক জল্পনা।