বিশ্ববাজারের অস্থিরতা এবং ইরান-ইসরায়েল যুদ্ধের উত্তাপের প্রভাব সরাসরি পড়েছে ভারতীয় শেয়ার বাজারে। গত এক সপ্তাহে দেশের শীর্ষ ১০টি কোম্পানির বাজারমূল্য বা মার্কেট ক্যাপ প্রায় ২.০৫ লক্ষ কোটি টাকা কমেছে। যার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে টিসিএস (TCS), যাদের মূল্যায়ন এক ধাক্কায় ৬৬,৬৯৯ কোটি টাকা হ্রাস পেয়েছে। তবে ছুটির পর আজ সোমবার এশীয় বাজারগুলি ইতিবাচক সংকেত দেওয়ায় ঘুরে দাঁড়ানোর আশায় বুক বাঁধছেন বিনিয়োগকারীরা।
নজরে থাকবে যে স্টকগুলি:
আজ কোল ইন্ডিয়া, আল্ট্রাটেক সিমেন্ট এবং এসবিআই কার্ডের মতো হেভিওয়েট কোম্পানিগুলির চতুর্থ প্রান্তিকের (Q4) ফলাফল প্রকাশিত হবে। ফলে এই স্টকগুলিতে বড় মুভমেন্ট দেখা যেতে পারে। অন্যদিকে, মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তাদের নিট মুনাফায় ১৩ শতাংশ হ্রাসের খবর দিয়েছে, যা আজ বাজার খোলার পর বিনিয়োগকারীদের নজরে থাকবে।
কর্পোরেট দুনিয়ার বড় খবর:
Paytm: বড় ধাক্কা খেল পেটিএম। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) তাদের পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করেছে, যা ২৪ এপ্রিল থেকে কার্যকর হয়েছে।
Sun Pharma: মার্কিন কোম্পানি ‘Organon’ কে অধিগ্রহণ করার চুক্তি সম্পন্ন করেছে সান ফার্মা।
NTPC: বিহারে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গড়তে ২৫,০০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করছে এই রাষ্ট্রায়ত্ত সংস্থা।
Adani Green: পরিচ্ছন্ন শক্তি সঞ্চয়ের লক্ষ্যে ১৫,০০০ কোটি টাকার বিনিয়োগের পথে আদানি গ্রিন।
গ্লোবাল মার্কেটের গ্রিন সিগন্যাল থাকলেও তেলের ক্রমবর্ধমান দাম এবং ভূ-রাজনৈতিক উত্তেজনা ভারতীয় বাজারের জন্য চ্যালেঞ্জ হয়েই থাকছে।





