বর্তমান যুগে আধার কার্ড (Aadhaar Card) ছাড়া এক পা চলাও অসম্ভব। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সরকারি প্রকল্পের সুবিধা নেওয়া—সবক্ষেত্রেই এই নথির গুরুত্ব অপরিসীম। ভারতের প্রায় ৯৫ শতাংশ মানুষের কাছে আধার থাকলেও, এর আপডেট করার নিয়ম নিয়ে অনেকেরই স্বচ্ছ ধারণা নেই। অনেকেই ভাবেন আধার কার্ডে যে কোনও তথ্য যতবার খুশি বদলানো যায়, কিন্তু আধারের নিয়ামক সংস্থা ইউআইডিএআই (UIDAI) স্পষ্ট জানিয়েছে যে, সব তথ্য পরিবর্তনের সীমা এক নয়।
নাম ও পদবী পরিবর্তন:
অনেকেই বিয়ের পর বা অন্য কারণে নাম বা পদবী পরিবর্তন করতে চান। তবে মনে রাখবেন, আধার কার্ডে সারা জীবনে মাত্র দুইবার নাম বা পদবী সংশোধন বা পরিবর্তন করা সম্ভব। মহিলাদের ক্ষেত্রে বিয়ের পর পদবী পরিবর্তন বাধ্যতামূলক নয়, তবে কেউ চাইলে তা করতে পারেন। কিন্তু দুইবারের সীমা পেরিয়ে গেলে আর তা বদলানো যাবে না।
জন্মতারিখ ও লিঙ্গ:
আধার কার্ডের সবথেকে সংবেদনশীল তথ্য হলো জন্মতারিখ। এটি সারা জীবনে মাত্র একবারই সংশোধন করার সুযোগ পাওয়া যায়। যদি দ্বিতীয়বারও জন্মতারিখ ভুল হয়, তবে তা আর কখনওই পরিবর্তন করা সম্ভব হবে না। একইভাবে, আধার কার্ডে লিঙ্গ পরিবর্তনের সুযোগও দেওয়া হয় মাত্র একবার।
মোবাইল নম্বর ও ঠিকানা:
আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক রাখা অত্যন্ত জরুরি, কারণ ওটিপি (OTP) ভেরিফিকেশনের জন্য এটি প্রয়োজন হয়। তবে স্বস্তির বিষয় হলো, মোবাইল নম্বর এবং ইমেল আইডি পরিবর্তনের ওপর কোনও নির্দিষ্ট সীমা নেই। আপনি যতবার খুশি আপনার ফোন নম্বর আপডেট করতে পারেন। ঠিকানার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য; কর্মসূত্রে বা অন্য কারণে বারবার বাড়ি বদল করলে আধার কার্ডে ঠিকানা আপডেট করার ক্ষেত্রে কোনও বাধা নেই।
আধার কার্ডে এই সীমাবদ্ধতা রাখার মূল কারণ হলো জালিয়াতি রুখে দেওয়া এবং নিরাপত্তার স্তর আরও মজবুত করা। তাই যে কোনও তথ্য সংশোধনের আগে অত্যন্ত সতর্ক থাকা প্রয়োজন, যাতে একবারের ভুল সারা জীবনের সমস্যার কারণ না হয়ে দাঁড়ায়।





