“অসভ্যতামি করছে, আমি পারব না!”-মাঝপথেই হাতজোড় করে সভা ত্যাগ মমতার

হাইভোল্টেজ নির্বাচন আর তার মধ্যেই ভবানীপুরের রাজপথে বেনজির সংঘাত। শনিবার সন্ধ্যায় ৭০ নম্বর ওয়ার্ডের চক্রবেড়িয়ায় তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের সমর্থনে জনসভা করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই সভা ঘিরে তৈরি হলো চরম বিশৃঙ্খলা। উত্তপ্ত বাক্যবিনিময় থেকে শুরু করে মাঝপথেই সভা ত্যাগ— সব মিলিয়ে সরগরম তিলোত্তমার রাজনীতি।

ঠিক কী ঘটেছিল? এদিন সভা চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখছিলেন, ঠিক তখনই সভামঞ্চের অদূর থেকে তীব্র শব্দে মাইক বাজতে শুরু করে। অভিযোগ, অদূরেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সভা চলছিল এবং সেখান থেকেই পরিকল্পিতভাবে তারস্বরে মাইক বাজানো হচ্ছিল। এই শব্দদূষণের ফলে কার্যত কথা বলা অসম্ভব হয়ে পড়ে মুখ্যমন্ত্রীর পক্ষে।

মঞ্চ থেকেই পুলিশকে কড়া বার্তা: পরিস্থিতি বেগতিক দেখে মঞ্চেই বিরক্তি প্রকাশ করেন মমতা। তিনি সরাসরি অভিযোগ তোলেন নির্বাচনী বিধিভঙ্গের। মঞ্চ থেকেই তিনি বলেন,

“কেন করবে এটা? ইলেকশনের কতগুলো রুলস আছে। ওরা মিটিং করলে তোমরাও পাল্টা মাইক লাগিয়ে দেবে। তখন পুলিশ আসলে মেয়েদের দিয়ে FIR করিয়ে দেবে। এটা স্পষ্ট পার্শিয়ালিটি!”

অসহায় আত্মসমর্পণ না কি প্রতিবাদের সুর? অত্যন্ত বিরক্ত মুখ্যমন্ত্রীকে দেখা যায় মঞ্চে দাঁড়িয়েই কাউকে ফোন করতে। কিন্তু মাইকের আওয়াজ না কমে উল্টে বাড়তে থাকে। এরপরই জনতাকে উদ্দেশ্য করে হাতজোড় করে মমতা বলেন,

“এভাবে আমার পক্ষে মিটিং করা সম্ভব নয়। সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন কী অ্যাটিটিউড! ওরা পশ্চিমবঙ্গ দখল করতে জোর করে যা করছে তা ঠিক নয়। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই অসভ্যতামি আমি নিতে পারছি না, এটা চরম অপমানজনক।”

আইনি পদক্ষেপের হুঁশিয়ারি: সভা শেষ না করতে পারলেও মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, এই ঘটনার প্রতিবাদে তিনি আইনি ব্যবস্থা নেবেন। একইসাথে তিনি ঘোষণা করেন, কাল ওই এলাকাতেই বড়সড় র‍্যালি করবেন তিনি। শেষে ভোটারদের কাছে জোড়াফুল চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানিয়ে এবং এই “অপমানের” বদলা ব্যালট বক্সে নেওয়ার ডাক দিয়ে মঞ্চ ছাড়েন তিনি।

শনিবারের এই ঘটনা কেন্দ্র করে ফের একবার কাঠগড়ায় পুলিশ ও নির্বাচন কমিশন। শুভেন্দু বনাম মমতার এই ‘মাইক যুদ্ধ’ ভবানীপুরের ভোট সমীকরণে নতুন মাত্রা যোগ করল বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy