আম আদমি পার্টিতে (AAP) মহাধস! গতকালই রাঘব চাড্ডা ও হরভজন সিংয়ের মতো হেভিওয়েটদের সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছেন স্বাতী মালিওয়াল। আর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করলেন দিল্লির প্রাক্তন মহিলা কমিশনের চেয়ারপার্সন। ছেঁড়া প্যান্ট থেকে বিলাসবহুল ‘শীশ মহল’— কেজরিওয়ালের রাজনৈতিক উত্তরণকে তীব্র ভাষায় আক্রমণ শানালেন তিনি।
‘আসল বিশ্বাসঘাতক কেজরিওয়াল’
সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে স্বাতী মালিওয়াল দাবি করেন, ২০১১ সালের আন্দোলনের সময় যে কেজরিওয়ালকে সাধারণ মানুষ চিনেছিলেন, আজকের কেজরিওয়াল তাঁর সম্পূর্ণ বিপরীত। তিনি বলেন:
“যে মানুষটি ছেঁড়া প্যান্ট পরে, দু’টাকার কলম পকেটে নিয়ে রাজনীতিতে এসেছিলেন, আজ তিনি ক্ষমতার নেশায় চুরমার। নিজের জন্য কয়েকশো কোটি খরচ করে ‘শীশ মহল’ বানিয়েছেন, যেখানে কয়েক লাখ টাকার ফ্রিজ আর কোটির কার্পেট রয়েছে। দেশের মানুষকে ঠকিয়ে তিনি এখন বিলাসিতায় ডুবে আছেন।”
মারধর ও গুন্ডাগর্দির অভিযোগ
মুখ্যমন্ত্রীর বাসভবনে তাঁকে মারধর করার পুরনো প্রসঙ্গ টেনে এনে স্বাতী অভিযোগ করেন, কেজরিওয়াল চরম মহিলা-বিরোধী। তাঁর দাবি, “কেজরিওয়াল একজন গুন্ডাকে দিয়ে আমার ওপর হামলা চালিয়েছেন। আমি প্রতিবাদ করায় আমায় হুমকি দেওয়া হয়েছে এবং মুখ বন্ধ রাখার চাপ দেওয়া হয়েছে। গত দুই বছর সংসদে আমায় কথা বলতে দেওয়া হয়নি।” প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বের প্রশংসা করে তিনি জানান, উন্নয়নের স্বার্থেই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন।
টলমল আপ-এর আসন, পাল্টা চাল কেজরিওয়ালের
রাঘব চাড্ডা, সন্দীপ পাঠক এবং হরভজন সিংয়ের মতো ৭ জন সাংসদ পদত্যাগ করায় দিল্লির রাজনীতিতে এখন চরম অস্থিরতা। পরিস্থিতির গুরুত্ব বুঝে মণীশ সিসোদিয়াকে নিয়ে জরুরি বৈঠক করেছেন কেজরিওয়াল। আপ নেতা সঞ্জয় সিং এই সাতজনকে ‘গদ্দার’ আখ্যা দিয়ে দাবি করেছেন, এটি বিজেপির ‘অপারেশন লোটাস’।
আইনি প্যাঁচে সাংসদরা? তৃণমূল স্তরে কর্মীদের ক্ষোভ যেমন বাড়ছে (হরভজন সিংয়ের বাড়ির দেওয়ালে ‘গদ্দার’ লিখে প্রতিবাদ), তেমনই আইনি পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছে আপ। রাজ্যসভার চেয়ারম্যান সি.পি. রাধাকৃষ্ণনকে চিঠি লিখে দলত্যাগ বিরোধী আইনের আওতায় এই সাংসদদের পদ খারিজ করার দাবি জানাতে চলেছে কেজরিওয়ালের দল।
রাজধানীর তখত কি এবার টলমল? স্বাতী মালিওয়ালের এই বিস্ফোরক দাবির পর আম আদমি পার্টি কীভাবে ঘর সামলায়, এখন সেটাই দেখার।





