বর্তমানে পুরুষদের মধ্যে প্রস্টেট ক্যানসারের প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছে। চিকিৎসকদের মতে, জিনগত কারণের পাশাপাশি আমাদের প্রতিদিনের খাদ্যাভ্যাস এই মারণ রোগের জন্য অনেকটা দায়ী। বিশেষ করে নির্দিষ্ট কিছু খাবার প্রস্টেট গ্রন্থিতে প্রদাহ সৃষ্টি করে ক্যানসারের কোষকে ত্বরান্বিত করতে পারে।
গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত লাল মাংস (Red Meat) যেমন—গরু বা খাসির মাংস এবং প্রক্রিয়াজাত মাংস (Processed Meat) প্রস্টেট ক্যানসারের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। এতে থাকা উচ্চমাত্রার ফ্যাট এবং কার্সিনোজেনিক উপাদান শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ ছাড়া, অতিরিক্ত দুগ্ধজাত খাবার এবং উচ্চ চর্বিযুক্ত ডেইরি প্রোডাক্ট খাওয়ার ব্যাপারেও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। অত্যাধিক চিনি এবং রিফাইনড কার্বোহাইড্রেট শরীরে ইনসুলিনের মাত্রা বাড়িয়ে ক্যানসার কোষের বৃদ্ধিতে সহায়তা করে। সুস্থ থাকতে পাতে রাখুন বেশি করে সবুজ শাকসবজি, ফল এবং অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার।





