ইরানের পরমাণু অস্ত্র ভাণ্ডার নিয়ে দীর্ঘদিনের উত্তেজনার মাঝে এবার সম্পূর্ণ উল্টো সুর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলায়। এতদিন ইরানের পরমাণু শক্তি নিয়ে আশঙ্কার কথা শোনালেও, এবার ট্রাম্প দাবি করলেন যে তেহরানের কাছে বর্তমানে কোনও পরমাণু অস্ত্র নেই। শুধু তাই নয়, হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এক বিষ্ফোরক দাবি করেছেন—ইরান নাকি তাদের মাটির নিচে থাকা ‘নিউক্লিয়ার ডাস্ট’ বা পারমাণবিক ধূলিকণা আমেরিকাকে ফেরত দিতে রাজি হয়েছে।
ট্রাম্পের মতে, তেহরান যাতে ভবিষ্যতে কখনও পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা না করে, সেই বৃহত্তর কূটনৈতিক বোঝাপড়ার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট জানান, মার্কিন বি-২ বোমারু বিমান দিয়ে চালানো সাম্প্রতিক হামলার জেরেই নাকি ইরান এই নতিস্বীকার করতে বাধ্য হয়েছে। ট্রাম্পের কথায়, “ইরান এখন এমন কিছু করতে রাজি হয়েছে, যা দু’মাস আগেও অসম্ভব ছিল। ওরা পরমাণু অস্ত্রহীন একটি চুক্তিতে পৌঁছাতে চায়।”
পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক স্তরে আলোচনা তুঙ্গে। যদিও আগে পাকিস্তানে হওয়া বৈঠক ব্যর্থ হয়েছিল এবং ট্রাম্প ইরানের বন্দর অবরোধের হুঁশিয়ারি দিয়েছিলেন, তবুও বর্তমানে পরিস্থিতি অনেকটাই ইতিবাচক বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের। তেলের দাম কমা এবং শেয়ার বাজারের চাঙ্গাভাবকে এই সম্ভাব্য চুক্তির সুফল হিসেবে দেখছেন তিনি। আগামী সপ্তাহান্তেই দুই দেশের প্রতিনিধিদের মধ্যে মুখোমুখি বৈঠক হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।





