শহরজুড়ে বেআইনি জমি দখলের অভিযোগে এবার সরাসরি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আতসকাঁচের তলায় তৃণমূলের হেভিওয়েট নেতা তথা মেয়র পারিষদ দেবাশিস কুমার। মঙ্গলবার সকাল থেকেই তাঁর দক্ষিণ কলকাতার বাড়ি এবং অফিস মিলিয়ে একাধিক ঠিকানায় ম্যারাথন তল্লাশি শুরু করেছেন আয়কর দফতরের আধিকারিকরা। ইডির দেওয়া তথ্যের ওপর ভিত্তি করেই আজ এই বিশাল অভিযান বলে সূত্রের খবর।
ঘটনার সূত্রপাত ব্যবসায়ী অমিত গঙ্গোপাধ্যায়ের জমি দখলের মামলার তদন্ত থেকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির দাবি, অমিত গঙ্গোপাধ্যায় শহরের বিভিন্ন প্রান্তে বেআইনিভাবে জমি দখল করে তা পুরসভার জাল নথির সাহায্যে অন্যদের কাছে বিক্রি করতেন। তল্লাশিতে অমিতের বাড়ি থেকে এমন কিছু চাঞ্চল্যকর নথি মিলেছে, যা সরাসরি ইঙ্গিত করছে দেবাশিস কুমারের দিকে। অভিযোগ, মেয়র পারিষদ হওয়ার সুবাদে অমিতকে নথিপত্র তৈরিতে মদত দিতেন তিনি। বিনিময়ে কত কোটি টাকার লেনদেন হয়েছে, তা খতিয়ে দেখছে প্রশাসন। ইডি ইতিমধ্যেই দেবাশিসকে দুবার জিজ্ঞাসাবাদ করেছে। সেই সময় জমা দেওয়া নথিতেই আয়কর সংক্রান্ত বড়সড় অসঙ্গতি মেলায় আজ আসরে নেমেছে ইনকাম ট্যাক্স বিভাগ।
এদিকে তল্লাশিকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তেজনা তুঙ্গে। দেবাশিস কুমারের বাড়ির সামনে জমায়েত করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকরা। কেন্দ্রীয় বাহিনীর সামনেই ওঠে ‘গো ব্যাক’ স্লোগান। “যতই করো হামলা, আবার জিতবে বাংলা”—এই স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলছে ঘাসফুল শিবির। সব মিলিয়ে ভোটের আগে এই তল্লাশিকে কেন্দ্র করে সরগরম কলকাতার রাজনীতি।





