চলতি আইপিএলে (TATA IPL 2026) চরম বিপর্যয়ের মুখে কলকাতা নাইট রাইডার্স। শাহরুখ খানের দল এখনও পর্যন্ত একটি ম্যাচেও জয়ের মুখ দেখতে পায়নি। ৫টি ম্যাচের মধ্যে চারটিতেই হার, আর একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় মাত্র ১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের একেবারে শেষে পড়ে রয়েছে নাইটরা। দলের এমন শোচনীয় অবস্থায় সোশ্যাল মিডিয়া থেকে বিশেষজ্ঞ মহল—সর্বত্রই কেকেআরের রণকৌশল নিয়ে উঠছে প্রশ্ন। বিশেষ করে নিশানায় এখন অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।
গত নিলামে রেকর্ড ২৫ কোটি ২০ লক্ষ টাকায় গ্রিনকে দলে নিয়েছিল কেকেআর ম্যানেজমেন্ট। উদ্দেশ্য ছিল আন্দ্রে রাসেলের বিকল্প খুঁজে পাওয়া। কিন্তু ক্যারিবিয়ান তারকাকে ছেড়ে দেওয়াটাই যে কেকেআরের ইতিহাসের সবচেয়ে বড় ভুল ছিল, তা স্পষ্ট করে দিলেন মহম্মদ কাইফ। প্রাক্তন অজি তারকার সমালোচনায় সরব হয়ে কাইফ বলেন, “আমার মতে কেকেআরের সবচেয়ে বড় ভুল রাসেলকে ছেড়ে দেওয়া। রাসেলের মতো একজনকে ডাগআউটে বসিয়ে রাখার কোনো মানেই হয় না।”
পরিসংখ্যানও বলছে গ্রিন পুরোপুরি ফ্লপ। ৫ ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ৫৬ রান, সর্বোচ্চ স্কোর মাত্র ৩২। বল হাতেও তিনি কোনো প্রভাব ফেলতে পারেননি। অথচ গত ১২ বছর কেকেআরের সম্পদ ছিলেন রাসেল। ১৪০ ম্যাচে ১৭৫ স্ট্রাইক রেটে তাঁর রান সংখ্যা ২৬৫১। কাইফের মতে, রাসেলকে শুধুমাত্র ‘পাওয়ার কোচ’ বানিয়ে বসিয়ে রাখা কেকেআরের কৌশলের দৈন্যদশা প্রকাশ করে।
আগামীকাল গুজরাত টাইটান্সের মুখোমুখি হবে কেকেআর। পরাজয়ের বৃত্ত থেকে বেরোতে মরিয়া নাইট শিবির এই ম্যাচে গ্রিনকে বসিয়ে একাদশে বড়সড় বদল আনতে পারে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, রাসেলের অভাব কি আদৌ মেটাতে পারবে এই কেকেআর?





