আইপিএলের শুরুতেই বড় ধাক্কা খেয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। চোটের কারণে ছিটকে গিয়েছিলেন দলের নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। তাঁর অনুপস্থিতিতে দলের হাল ধরতে হয়েছিল ঈশান কিষাণকে। স্টপগ্যাপ ক্যাপ্টেন হিসেবে গত ৫টি ম্যাচে হায়দরাবাদকে নেতৃত্ব দিয়েছেন ঈশান, যার মধ্যে জয় এসেছে দুটিতে এবং হার তিনটিতে। আগামী ১৮ এপ্রিল ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কঠিন লড়াই হায়দরাবাদের। তার আগেই কামিন্সের চোট ও ফেরা নিয়ে বড় বিবৃতি দিল ক্রিকেট অস্ট্রেলিয়া।
পিঠের পুরনো স্ট্রেস ইনজুরির কারণে গত কয়েক মাস ধরেই ভুগছিলেন কামিন্স। টুর্নামেন্টের শুরুতে দলের সঙ্গে থাকলেও পরে চিকিৎসার জন্য সিডনি উড়ে যান তিনি। সেখানে স্ক্যান ও দীর্ঘ রিহ্যাবের পর অবশেষে সুখবর মিলল। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, কামিন্স এখন পুরোপুরি ফিট। আগামী ১৭ এপ্রিলই তিনি ভারতে পৌঁছে দলের সঙ্গে যোগ দেবেন। অর্থাৎ, চেন্নাই ম্যাচের ঠিক আগের দিনই হায়দরাবাদ শিবিরে দেখা যাবে অজি অধিনায়ককে।
তবে প্রশ্ন উঠছে, কামিন্স কি সরাসরি একাদশে ফিরবেন? গত ১৫ এপ্রিল কামিন্সের একটি ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। সেখানে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, সম্ভবত ২৫ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তিনি মাঠে ফিরছেন। অর্থাৎ, বোর্ড থেকে ‘ফিট’ সার্টিফিকেট পেলেও চোট সারিয়ে ফিরেই তাড়াহুড়ো করতে চাইছেন না বিশ্বজয়ী এই অধিনায়ক। সেক্ষেত্রে রুতুরাজ গায়কোয়াড়দের বিরুদ্ধে কামিন্সকে পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।
উল্লেখ্য, অ্যাশেজ সিরিজের পর থেকেই মাঠের বাইরে ছিলেন কামিন্স। এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি খেলতে পারেননি। তাঁর অনুপস্থিতিতে হায়দরাবাদের হয়ে প্রফুল হিঙ্গে এবং সাকিব হুসেনের মতো তরুণ পেসাররা নজর কেড়েছেন। তবে কামিন্স ফিরলে হায়দরাবাদের বোলিং লাইন আপ যে আরও শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ হবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই ভক্তদের মনে।





