“কাকে ভোট দিচ্ছেন সব জেনে নেব”, আধার-ভোটার লিঙ্কের ভয় দেখিয়ে বিতর্কে তৃণমূল নেতা

বিধাননগর বিধানসভা কেন্দ্রের ৩৮ নম্বর ওয়ার্ডের দত্তাবাদ এলাকায় এক তৃণমূল নেতার মন্তব্য ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছে রাজ্য রাজনীতি। স্থানীয় তৃণমূল নেতা নির্মল দত্তর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে তাঁকে প্রকাশ্য জনসভায় বলতে শোনা যাচ্ছে, “আধার কার্ড আর ভোটার আইডি লিঙ্ক করা আছে। কাকে ভোট দিচ্ছেন সব জানতে পারব। একটা অ্যাপ আছে, তার মাধ্যমে আমরা জেনে নেব।”

ভোটের গোপনীয়তা বজায় রাখা যেখানে ভারতীয় গণতন্ত্রের মৌলিক অধিকার, সেখানে এক প্রভাবশালী নেতার এই ‘হুমকি’ ভোটারদের মনে আতঙ্ক সৃষ্টি করেছে। বিজেপি নেতৃত্ব এই ঘটনাকে তৃণমূলের ‘জঙ্গলরাজ’-এর উদাহরণ হিসেবে তুলে ধরে অবিলম্বে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ এবং নির্মল দত্তর গ্রেফতারি দাবি করেছে। বিজেপির অভিযোগ, সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ভোটদান প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছে শাসকদল।

বিশেষজ্ঞরা অবশ্য জানাচ্ছেন, আধার কার্ড ও ভোটার আইডি লিঙ্ক থাকলেও এমন কোনও প্রযুক্তি বা অ্যাপ নেই যা দিয়ে কে কাকে ভোট দিয়েছেন তা জানা সম্ভব। এটি সম্পূর্ণ ভিত্তিহীন একটি দাবি যা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য করা হয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ডেইলিহান্ট। এই বিতর্কিত মন্তব্য নিয়ে এখনও বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসুর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চের মাঝেই খোদ কলকাতার বুকে এমন ঘটনায় প্রশ্ন উঠছে নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার নিয়ে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy