বেকার যুবকদের জন্য বড়সড় কর্মসংস্থানের দরজা খুলে দিল কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক। সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস (NCS) পোর্টালকে আরও শক্তিশালী করতে পোর্টার (Porter) এবং গিগিন টেকনোলজিস (Gigin Technologies)-এর সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে সরকার। কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মাণ্ডব্যর উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়, যার মূল লক্ষ্য হলো আগামী কয়েক বছরের মধ্যে দেশের যুবশক্তির জন্য লক্ষ লক্ষ কর্মসংস্থান নিশ্চিত করা।
৩০ লক্ষ চাকরির লক্ষ্যমাত্রা: শ্রম মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে প্রায় ৩০ লক্ষ কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর মধ্যে লজিস্টিকস এবং ড্রাইভিং সেক্টরে বড় ভূমিকা নেবে ‘পোর্টার’। অন্যদিকে, গিগিন টেকনোলজিস প্রতি বছর প্রায় ২ থেকে ৩ লক্ষ যাচাইকৃত চাকরির সুযোগ তৈরি করবে। এনসিএস পোর্টালের মাধ্যমে বর্তমানে ১.৫ লক্ষেরও বেশি নিয়োগকর্তা বা কোম্পানি সরাসরি যুক্ত রয়েছে।
পোর্টালে ৭ লক্ষ সক্রিয় শূন্যপদ: কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানান, এনসিএস পোর্টালটি বর্তমানে যুবকদের জন্য একটি ‘ওয়ান-স্টপ সলিউশন’ হয়ে উঠেছে। বর্তমানে এই পোর্টালে ৭ লক্ষেরও বেশি সক্রিয় চাকরির বিজ্ঞাপন রয়েছে এবং প্রায় ৫৯ লক্ষ সংস্থা এখানে নিবন্ধিত। ই-মাইগ্রেট এবং মাই ভারত-এর মতো প্ল্যাটফর্মগুলোর সঙ্গে এনসিএস-এর সংযোগ একে আরও কার্যকর করে তুলেছে।
দক্ষতা বৃদ্ধির ওপর জোর: শুধুমাত্র চাকরি দেওয়াই নয়, চাকরিপ্রার্থীদের গুণগত মান বাড়াতে ‘সফট স্কিলস’ প্রশিক্ষণের ওপর জোর দিয়েছেন মন্ত্রী। তিনি পোর্টার ও গিগিন-কে অনুরোধ করেছেন যাতে তারা চাকরিপ্রার্থীদের জন্য স্বল্পমেয়াদী বিশেষ ট্রেনিং কোর্সের ব্যবস্থা করে। এর ফলে শিল্পের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরি করা সম্ভব হবে এবং বেকারত্ব হ্রাসে বড় সাফল্য আসবে।





