পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক পারদ এখন তুঙ্গে। সোমবার নির্বাচনী প্রচারের ময়দান থেকে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বারবার বাংলা সফরকে কটাক্ষ করে তিনি বলেন, “সারা বিশ্ব দেখবে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী একজন মুখ্যমন্ত্রীকে হারানোর জন্য এভাবে বারবার দৌড়ে আসছেন।”
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, আগামী ৪ মে যখন ভোটের ফলাফল বেরোবে, তখন তৃণমূল ২৩০ থেকে ২৪০টি আসন দখল করবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “৪ মে যে ঘণ্টাটা বাজবে, তা আসলে ২০২৯-এর লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর বিদায় ঘণ্টা বাজিয়ে দেবে।” উল্লেখ্য, কল্যাণের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় এবার উত্তরপাড়া কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন। সেখানে তাঁর লড়াই বিজেপির দীপাঞ্জন চক্রবর্তী এবং সিপিএমের মীনাক্ষী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে।
অন্যদিকে, বিজেপিও সুর চড়াচ্ছে। অমিত শাহ দাবি করেছেন, ৫ মে বাংলায় বিজেপি সরকার গড়বে। মোদী-শাহের প্রচারে বারংবার উঠে আসছে অনুপ্রবেশকারী সমস্যা, নারী নিরাপত্তা এবং কাটমানি ইস্যু। তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই ‘ঘণ্টা’ মন্তব্যে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। আগামী ২৯ এপ্রিল উত্তরপাড়ায় ভোটগ্রহণ এবং ৪ মে নির্ধারিত হবে বাংলার ভাগ্য।





