ইভিএম মেশিনে থাকতে পারে ‘চিপ’! দুর্গাপুরের সভা থেকে বিজেপি ও কমিশনকে বিঁধে কর্মীদের সতর্ক করলেন মমতা

ভোটের আবহে নির্বাচনী প্রচারের পারদ চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুর্গাপুর পশ্চিমের চতুরঙ্গ ময়দানে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা থেকে তিনি যেমন বিজেপি ও নির্বাচন কমিশনকে আক্রমণ করলেন, তেমনই কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন দলের সেই সব নেতাদের, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে।

বিশেষ করে স্থানীয় শিল্পাঞ্চলে চাকরির ক্ষেত্রে ‘কাটমানি’ বা বাইরের লোকেদের সুবিধা দেওয়ার যে অভিযোগ তাঁর কানে এসেছে, তা নিয়ে মমতা স্পষ্ট জানান— “ইন্ডাস্ট্রিতে চাকরি হওয়ার সময় লোকালরা বাদ যাচ্ছে, বাইরের লোক টাকা দিয়ে চাকরি পাচ্ছে। আপনারা প্রার্থীদের জেতান, এই সিস্টেম আমি বন্ধ করে দেব। এরপরেও যদি কেউ ওসব করে, তবে তার কত বড় সাহস দেখে নেব। তৃণমূল কংগ্রেসে তার ঠাঁই থাকবে না, সে যত বড়ই কেউকেটা হোক না কেন।” তিনি মনে করিয়ে দেন যে, স্বচ্ছতার প্রশ্নে তিনি কাউকে রেয়াত করবেন না এবং অতীতেও অনেককে দল থেকে বাদ দিয়েছেন।

এর পাশাপাশি ইভিএম (EVM) নিয়ে কর্মীদের চূড়ান্ত সতর্ক থাকতে বলেন দলনেত্রী। তাঁর আশঙ্কা, খারাপ মেশিন সারানোর নামে ‘চিপ’ লাগিয়ে ভোট চুরি হতে পারে। তাই মেশিন খারাপ হলে নতুন মেশিন না আসা পর্যন্ত ভোট না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এমনকি বুথ পাহারায় থাকা কর্মীদের বাইরের কারও দেওয়া খাবার বা পানীয় (দই-সন্দেশ) খেতেও নিষেধ করেছেন, পাছে তাতে ঘুমের ওষুধ বা বিষ মেশানো থাকে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy