বিজেপির চতুর্থ দফার তালিকা প্রকাশ! শান্তনু ঠাকুরের স্ত্রী থেকে কংগ্রেসত্যাগী সন্তোষ পাঠক— কারা পেলেন টিকিট?

২০২৬ বিধানসভা নির্বাচনের রণডঙ্কা বেজে গিয়েছে। ঘাসফুল শিবির আগেই সব আসনে প্রার্থী ঘোষণা করলেও, এবার কোমর বেঁধে ময়দানে নামল বিজেপি। মঙ্গলবার দলের চতুর্থ দফার তালিকায় আরও ১৩টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করল পদ্ম-শিবির। এই তালিকার হাত ধরে রাজ্যের অধিকাংশ আসনেই প্রার্থী চূড়ান্ত করে ফেলল গেরুয়া বাহিনী।

চতুর্থ দফার এই তালিকায় বেশ কিছু চমক দিয়েছে বিজেপি। উত্তর ২৪ পরগনার বাগদা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরকে। আবার কলকাতা সংলগ্ন চৌরঙ্গী কেন্দ্রে সদ্য কংগ্রেসত্যাগী সন্তোষ পাঠককে টিকিট দিয়েছে দল। এছাড়া সোনারপুর উত্তরে প্রাক্তন আইপিএস দেবাশিস ধর, নাটাবাড়িতে গিরিজাশঙ্কর রায় এবং চন্ডীপুরে পীযূষকান্তি দাসের নাম ঘোষণা করা হয়েছে। তালিকায় আরও রয়েছেন আশুতোষ বর্মা (সিতাই), দেবাংশু পন্ডা (ফলতা), উত্তমকুমার বণিক (মগরাহাট পূর্ব), শ্যামল হাতি (হাওড়া দক্ষিণ), রঞ্জন কুমার পাল (পাঁচলা), প্রদীপ লোধা (গড়বেতা), অরিজিৎ রায় (বাঁশদ্রোণী) এবং মানব গুহ (মেমারি)।

তবে চমক রয়েছে উত্তরবঙ্গের ময়নাগুড়ি কেন্দ্রেও। গত ১৯ মার্চ এখানে কৌশিক রায়ের নাম ঘোষণা করা হলেও, এদিন প্রার্থী বদলে ডালিম রায়কে সুযোগ দিয়েছে বিজেপি। উল্লেখ্য, রাজ্যের ২৯৪টি আসনে আগামী ২৩ ও ২৯ এপ্রিল ভোটগ্রহণ হবে। ৪ মে ফলাফল প্রকাশের অপেক্ষায় এখন প্রহর গুনছে রাজনৈতিক মহল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy