কেঁদে ভাসছে টলিপাড়া। চোখের জলে শেষ বিদায় জানানো হলো অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হলো তাঁর শেষকৃত্য। তবে রাহুলের দেহ পঞ্চভূতে বিলীন হতেই টলিউডের অন্দরে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। অভিনেতার অকালমৃত্যু নিয়ে সুর চড়িয়েছে ফেডারেশন ও রাজনৈতিক মহল।
নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন: ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস সরাসরি প্রোডাকশন হাউসের দিকে আঙুল তুলেছেন। তাঁর দাবি, “সুরক্ষা ব্যবস্থায় নিশ্চিতভাবে গাফিলতি ছিল, নয়তো এভাবে একটা প্রাণ যেত না।” শেষকৃত্য মিটলেই প্রোডাকশন হাউসের কাছে নিরাপত্তার বিষয়ে কড়া জবাবদিহি চাওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
ধামাচাপার আশঙ্কা শতরূপের: সোমবার সকালে তমলুক থেকে রাহুলের মরদেহ কলকাতায় নিয়ে আসেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ। তাঁর বিস্ফোরক অভিযোগ, “ধারাবাহিকের প্রোডাকশন হাউস সরকার ঘনিষ্ঠ, তাই তদন্ত যেন ধামাচাপা না পড়ে।” তিনি সাফ জানান, কেবল ফুল-মালায় বিদায় নয়, শেষ দেখে ছাড়বেন তাঁরা।
ময়নাতদন্তের শিউরে ওঠা রিপোর্ট: প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, জলে ডুবেই মৃত্যু হয়েছে রাহুলের। তাঁর ফুসফুসে অস্বাভাবিক পরিমাণে বালি ও নোনা জল পাওয়া গিয়েছে। এমনকি খাদ্যনালি ও পাকস্থলীতেও ঢুকে গিয়েছিল বালি। চিকিৎসকদের মতে, ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছিল, যা ইঙ্গিত দিচ্ছে যে অভিনেতা অন্তত এক ঘণ্টা জলের নিচে ছিলেন।
এক প্রতিভাবান অভিনেতার এমন মর্মান্তিক পরিণতিতে এখন শোকের ছায়া টলিউডে।