‘দায় এড়াতে মিথ্যে গল্প বুনে লাভ নেই!’ রাহুলের মৃত্যুতে বিস্ফোরক রুদ্রনীল, কাঠগড়ায় শুটিং নিরাপত্তা

তালসারি বিচে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু ঘিরে দানা বাঁধছে রহস্য। এক রোম্যান্টিক দৃশ্যের শট দিতে গিয়ে কীভাবে অভিনেতা সমুদ্রে তলিয়ে গেলেন, তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। এই ঘটনায় সরাসরি শুটিং ইউনিটের নিরাপত্তার গাফিলতিকে দায়ী করে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন রাহুলের ঘনিষ্ঠ বন্ধু তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ।
রুদ্রনীল তাঁর পোস্টে সাফ জানিয়েছেন, দায় এড়াতে মিথ্যে গল্প সাজিয়ে কোনও লাভ হবে না। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, “নিরাপত্তার গাফিলতিতেই রাহুলের মৃত্যু হয়েছে তা স্পষ্ট। যে শিল্পী অসতর্ক ছিল বলে ঘটনাটি ঘটেছে, এমন সাফাই দিয়ে সত্যি চাপা দেওয়া যাবে না।” রাহুলকে ভালোবেসে ‘বাবিন’ বলে ডাকতেন রুদ্রনীল। বন্ধুর এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ অভিনেতা এখন নিরপেক্ষ তদন্তের দাবিতে অনড়।
বিজয়গড়ের অনন্যা অ্যাপার্টমেন্ট থেকে শিলিগুড়ির অরবিন্দ পল্লীর বাড়ি— সর্বত্রই এখন কান্নার রোল। শিলিগুড়ির বাড়িতে রাহুল আর আবদার করে বলবে না, “মাসি মাংস রেঁধে রাখ।” প্রিয় ‘বাবিন’-এর স্মৃতি আঁকড়ে ধরছে পাড়া-প্রতিবেশীরা। দেব থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়, সকলেই রাহুলের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। তবে শোকের আবহেও শুটিং স্পটের সুরক্ষা ব্যবস্থা নিয়ে রুদ্রনীলের তোলা অভিযোগ টলিপাড়ার অন্দরে বড়সড় বিতর্কের জন্ম দিয়েছে।