বর্তমানে ভারতের অটোমোবাইল বাজারে ইলেকট্রিক গাড়ির (EV) চাহিদা তুঙ্গে। জ্বালানির ক্রমবর্ধমান দাম এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির ফলে সাধারণ মানুষ এখন পেট্রোল-ডিজেল ছেড়ে ব্যাটারি চালিত গাড়ির দিকে ঝুঁকছেন। তবে ইভি কেনার আগে অনেকের মনেই একটি বড় প্রশ্ন থাকে— ‘রিসেল ভ্যালু’ বা পুরনো হওয়ার পর গাড়িটি বিক্রি করলে সঠিক দাম পাওয়া যাবে কি না। সাধারণত ইলেকট্রিক গাড়ির ব্যাটারি লাইফ নিয়ে সংশয় থাকায় অনেক গাড়ির পুনরবিক্রয় মূল্য কমে যায়। কিন্তু কিছু নির্দিষ্ট মডেল রয়েছে যা বর্তমানে ভারতের সেকেন্ড হ্যান্ড বাজারেও রাজত্ব করছে।
এই তালিকায় প্রথমেই আসে Tata Tiago EV। টাটা মোটরসের এই গাড়িটি ভারতের মধ্যবিত্তের জন্য অন্যতম সেরা পছন্দ। এর মজবুত বিল্ড কোয়ালিটি এবং নির্ভরযোগ্য ব্যাটারি প্যাকের কারণে কয়েক বছর ব্যবহারের পরেও এর ভালো দাম পাওয়া যায়। এর পরেই রয়েছে MG Windsor EV। যারা একটু প্রিমিয়াম লুক এবং লেটেস্ট ফিচার পছন্দ করেন, তাদের জন্য এটি আদর্শ। এর ইউনিক ডিজাইন এবং কেবিন স্পেস রিসেল মার্কেটে এর চাহিদা বজায় রাখে।
তৃতীয় স্থানে রয়েছে Tata Punch EV। টাটার সিগনেচার এসিইউভি লুক এবং উচ্চ গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কারণে এটি তরুণ প্রজন্মের মধ্যে দারুণ জনপ্রিয়। ফলে এর রিসেল ভ্যালু অন্যান্য সাধারণ গাড়ির তুলনায় অনেকটা বেশি। তালিকার চতুর্থ গাড়িটি হলো MG Comet EV। শহরের ঘিঞ্জি রাস্তায় চালানোর জন্য এই ছোট গাড়িটির জুড়ি মেলা ভার। যারা সেকেন্ড হ্যান্ড ছোট গাড়ি খুঁজছেন, তাদের কাছে কমেট ইভি প্রথম পছন্দ হয়ে দাঁড়িয়েছে। সবশেষে রয়েছে Citroën eC3। ইউরোপীয় আরামদায়ক রাইডিং অভিজ্ঞতা এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির কারণে এই গাড়িটি বাজারে নিজের জায়গা শক্ত করে নিয়েছে। এই পাঁচটি গাড়ির যেকোনো একটি বেছে নিলে আপনার কষ্টের টাকা বিফলে যাবে না।