বলিউডের মেগা প্রজেক্ট নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ নিয়ে উত্তেজনার শেষ নেই। কিন্তু সেই ছবির কাস্টিং ঘিরেই দানা বেঁধেছে নতুন বির্তক। সম্প্রতি খবর রটেছিল যে, ছবি থেকে সরিয়ে দেওয়া হয়েছে অভিনেতা বিক্রান্ত মাসিকে এবং তাঁর জায়গায় এসেছেন রাঘব জুয়াল। এই খবর চাউর হতেই মেজাজ হারালেন ‘টুয়েলভথ ফেল’ খ্যাত অভিনেতা। ইনস্টাগ্রামে কড়া ভাষায় এই খবরকে ‘ভিত্তিহীন গুজব’ বলে উড়িয়ে দিলেও, কিছুক্ষণ পর সেই পোস্ট মুছে ফেলায় তৈরি হয়েছে রহস্য।
আদদৌ কি তিনি ছবিতে ছিলেন? সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি রিপোর্টে দাবি করা হয়, বিক্রান্তকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য ভাবা হলেও পরে তা রাঘব জুয়ালের ঝুলিতে গিয়েছে। এর পাল্টা জবাবে বিক্রান্ত লেখেন, তিনি কোনোদিনই এই ছবির অংশ ছিলেন না। যাচাই না করে সংবাদ পরিবেশন করাকে ‘অনৈতিক’ এবং ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে তোপ দাগেন তিনি। তাঁর দাবি, এই ধরনের খবর শিল্পীদের ভাবমূর্তির ক্ষতি করে। তবে ক্ষোভের মাঝেই ছবির টিমের জন্য শুভকামনা জানাতে ভোলেননি তিনি।
পোস্ট ডিলিট নিয়ে জল্পনা: আসল বিতর্ক শুরু হয় যখন দেখা যায় বিক্রান্ত তাঁর সেই কড়া পোস্টটি মুছে ফেলেছেন। নেটিজেনদের মনে প্রশ্ন— তবে কি কোনো চাপের মুখে পড়ে তিনি পোস্ট সরালেন? নাকি বিতর্ক বাড়িয়ে নীতেশ তিওয়ারির মতো বড় পরিচালকের সঙ্গে সম্পর্ক খারাপ করতে চান না তিনি? এই প্রশ্নের উত্তর এখনও মেলেনি।
কাস্টিংয়ে চাঁদের হাট: ইতিমধ্যেই ‘রামায়ণ’ ছবি নিয়ে প্রত্যাশা তুঙ্গে। রামের চরিত্রে রণবীর কাপুর, সীতা সাই পল্লবী এবং রাবণ হিসেবে দেখা যাবে যশকে। এছাড়াও হনুমানের চরিত্রে সানি দেওল এবং লক্ষ্মণ হিসেবে রবি দুবে অভিনয় করছেন। ২০২৬ এবং ২০২৭— দুই পর্বে মুক্তি পাবে এই বিগ বাজেট সিনেমা। বিক্রান্ত না থাকলেও, এই ছবি যে বলিউডের ইতিহাসে মাইলফলক হতে চলেছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।