বৃহস্পতিবার ওড়িশার যাজপুর জেলার জাখাপুরা রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হল চেন্নাই সেন্ট্রাল–নিউ জলপাইগুড়ি (NJP) সুপারফাস্ট এক্সপ্রেস। এই আকস্মিক দুর্ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে স্বস্তির খবর এই যে, রেল কর্তৃপক্ষের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
রেল সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই দ্রুত উদ্ধারকারী দল এবং ইঞ্জিনিয়ারিং টিম ঘটনাস্থলে পৌঁছায়। ট্রেনের কোচগুলিতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং সমস্ত যাত্রী সুরক্ষিত রয়েছেন। বর্তমানে ট্র্যাক পরিষ্কার করে রেল চলাচল স্বাভাবিক করার কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে।
উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি ওড়িশার কোরাপুট জেলাতেও একটি মালগাড়ি লাইনচ্যুত হয়েছিল। বারবার ওড়িশায় রেল দুর্ঘটনার জেরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। জাখাপুরায় এই লাইনচ্যুতির সঠিক কারণ জানতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করবে রেল প্রশাসন।