আইএসএল-এর মহাযুদ্ধ শুরু হতে আর মাত্র মাসখানেক বাকি। তার আগেই রণকৌশল সাজাতে ব্যস্ত মোহনবাগান সুপার জায়ান্টের নতুন কোচ সের্জিও লোবেরা। দলের শক্তি ও দুর্বলতা মেপে নিতে রিজার্ভ দলের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচের আয়োজন করেছিলেন তিনি। আর সেই ম্যাচেই ফের নিজের জাত চেনালেন অজি বিশ্বকাপার দিমিত্রি পেত্রাতোস। দিমিত্রির জোড়া গোল এবং কামিন্স-সাহালের দাপটে রিজার্ভ দলকে ৪-০ গোলে উড়িয়ে দিল সিনিয়র দল।
ম্যাচের শুরু থেকেই দাপট ছিল সিনিয়র ব্রিগেডের। ১০ মিনিটের মাথায় মোহনবাগানকে এগিয়ে দেন দিমিত্রি। ঠিক তার দু’মিনিট পরেই ব্যবধান বাড়ান জেসন কামিন্স। ৩৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে দিমিত্রি বুঝিয়ে দেন, তিনি ফুরিয়ে যাননি। দ্বিতীয়ার্ধে সাহাল আব্দুল সামাদের দর্শনীয় গোল বাগানের বড় জয় নিশ্চিত করে। তবে গোল পাওয়ার চেয়েও লোবেরার নজর ছিল দলের কম্বিনেশনের দিকে। এক বিদেশি ডিফেন্ডার নিয়ে শুরু করলেও পরে টম অলড্রেডকে নামিয়ে রক্ষণের পরীক্ষা সেরে নেন তিনি। রাইট ব্যাক পজিশনে অভিষেক সিং ও আশিস রাইকেও ঘুরিয়ে-ফিরিয়ে দেখে নেন কোচ।
এই ম্যাচে সবচেয়ে বড় প্রাপ্তি দিমিত্রির ফর্ম। হোসে মলিনার কোচিংয়ে দিমিত্রিকে অধিকাংশ সময় সাইডলাইনের ধারে বসে থাকতে দেখা যেত। ব্রাত্য হয়ে থাকা এই ফুটবলারকে নিয়ে জল্পনা ছিল যে তিনি ক্লাব ছাড়ছেন। কিন্তু লোবেরা জমানায় ছবিটা বদলেছে। দিমিত্রি এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। অনুশীলনে দেখা যাচ্ছে এক অন্য দিমিত্রিকে। বাকিরা যখন রিকভারি করছেন, তখন একাই মাঠের চক্কর কেটে নিজেকে ফিট রাখছেন তিনি। দূরপাল্লার শট আর বাড়তি পরিশ্রমে দিমিত্রি যেন নিঃশব্দে বার্তা দিচ্ছেন—মাঠেই হবে সব অপমানের ফয়সালা। লোবেরার প্রশিক্ষণে কামিন্স-দিমিত্রি জুটি যে আসন্ন আইএসএলে বিপক্ষ রক্ষণকে তটস্থ রাখবে, তার আগাম ইঙ্গিত মিলল এই প্রস্তুতি ম্যাচেই।





