গাফিলতি নয়, পারফরম্যান্স বিচার হবে!’ SIR প্রক্রিয়ায় কাউন্সিলরদের কড়া বার্তা ফিরহাদ হাকিমের

স্পেশাল সামারি রিভিশন (SIR) প্রক্রিয়া নিয়ে তৃণমূল কংগ্রেস প্রকাশ্যে বিরোধিতা করলেও, দলের নিচুতলার কর্মীদের কাজ সঠিক ও দ্রুত করার নির্দেশ দিলেন কলকাতার মেয়র তথা শীর্ষ তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। মঙ্গলবার কলকাতা উত্তর ও দক্ষিণের সমস্ত কাউন্সিলরদের নিয়ে বৈঠকে তিনি সাফ জানিয়ে দেন, এই প্রক্রিয়ায় গাফিলতি করা চলবে না।

সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করে একাধিক জোনের দায়িত্ব নির্দিষ্ট করে দেন, যার মধ্যে কলকাতার দায়িত্ব পান ফিরহাদ হাকিম। সেই নির্দেশ অনুসারে, মঙ্গলবার তিনি কাউন্সিলর ও বিধায়কদের নিয়ে বৈঠক করেন।

কাউন্সিলরদের প্রতি কড়া বার্তা:

বৈঠক সূত্রে খবর, ফিরহাদ হাকিম কাউন্সিলরদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে বলেন, “ঠিকমতো ডিজিটাল তথ্য আপলোড করতেই হবে। গাফিলতি নয়। এই কাজের ভিত্তিতে প্রত্যেকের পারফরম্যান্স বিচার হবে।” তিনি অভিযোগ করেন, কিছু কাউন্সিলর সক্রিয় নন এবং কর্মীদেরকে ঠিকমতো সাপোর্ট দিচ্ছেন না।

তিনি বলেন, “এমন কাউন্সিলর রয়েছে যিনি পাঁচ পয়সার বাতাসা খাওয়াচ্ছেন না। কর্মীদেরকে সব দিক থেকে সহযোগিতা করুন।”

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন:

ফিরহাদ হাকিম নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, “নির্বাচন কমিশনের ভূমিকা ভালো নয়। যুদ্ধের রেফারি থাকে। রেফারি নির্বাচন কমিশন। কিন্তু সেই রেফারি পক্ষপাতদুষ্ট।”

তিনি জানান, অফলাইনে ৭০ শতাংশ ফর্ম জমা পড়লেও ‘দিদির দূত’ অ্যাপে আপডেট ঠিকমতো করা হয়নি। এই টেকনিক্যাল সমস্যার কথা কাউন্সিলরদের তরফেও উঠে আসে। তবে তিনি জোর দিয়ে বলেন, অ্যাপে আপডেট করতেই হবে।

বৈঠকের শেষে মেয়র দলীয় কর্মীদের প্রতি আবেগপ্রবণ বার্তা দেন: “এই কটা দিন ভালো থাকলে আগামী পাঁচটা বছর ভালো থাকবেন। দল না থাকলে কাউন্সিলর, এমএলএ কেউ থাকবেন না। তাই দলটাকে আগলে রাখতে হবে। এসআইআর-এর কাজ ভালো করে করুন।”