আলমারিতে বন্দি ভোটারের নথি! কাজ শেষ করতে পারছেন না BLO, ‘বেআইনি ভাবে ফর্ম জমা করার’ অভিযোগ প্রদীপ মজুমদারের বিরুদ্ধে?

স্পেশাল সামারি রিভিশন (SIR) প্রক্রিয়ার পূরণ করা ফর্ম জমা দেওয়ার সময় প্রায় শেষ হতে চললেও, আলিপুরদুয়ারের একটি বুথে অধিকাংশ ভোটারের ফর্ম জমা পড়ছে না। এই বিষয়ে খোঁজ নিতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। অভিযোগ উঠেছে, আলিপুরদুয়ার বিধানসভার ১২/১৩২ বুথের সিপিআইএমের বিএলএ-২ (Booth Level Agent) প্রদীপ মজুমদার বুথের বেশিরভাগ ভোটারের এসআইআর ফর্ম তাঁদের কাছ থেকে নিয়ে নিজের বাড়িতে আলমারি বন্দি করে রেখেছেন।
এই ঘটনার কথা জানাজানি হতেই আলিপুরদুয়ারে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ, ফর্ম জমা করার নামে প্রদীপ মজুমদার বেআইনিভাবে এসআইআর-এর পূরণ করা ফর্ম জমা রেখে দিয়েছেন। এর ফলে ওই বুথের বিএলও (BLO) সীমা সরকার ফর্ম হাতে না পেয়ে কাজ শেষ করতে পারছেন না। সীমা সরকার ফর্ম জমার আবেদন জানিয়ে এলাকায় মাইকিং করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদনও জানিয়েছেন। এর পর দ্রুত ব্লক নির্বাচনি আধিকারিক মহিলা সঙ্ঘের একজন সদস্যাকে সহকারি হিসেবে পাঠিয়েছেন।
অন্যদিকে, প্রদীপ মজুমদারের দাবি, তিনি এলাকার মানুষদের দাবি মেনে ফর্ম জমা রেখেছেন এবং কিছু ফর্ম জমাও করেছেন।
রাজ্যে বাদ ১৪ লক্ষ ভোটারের নাম!
খসড়া তালিকা প্রকাশের আগে নির্বাচন কমিশন কিন্তু হিসেব নিকেশ শুরু করে দিয়েছে। নির্বাচন কমিশন সূত্রের খবর, বিএলও-এর থেকে পাওয়া তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত রাজ্যের ভোটার তালিকা থেকে প্রায় ১৪ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে (প্রায় ১৩ লক্ষ ৯২ হাজার)। সব এনুমারেশন ফর্ম জমা পড়লে এই হিসেবের চূড়ান্ত রূপ পাওয়া যাবে। এই আবহে আলিপুরদুয়ারের এই ফর্ম আটকে রাখার ঘটনাটি রাজ্যের সামগ্রিক এসআইআর প্রক্রিয়ার উপর প্রশ্নচিহ্ন তুলে দিল।