বিএলও-দের উপর কাজের চাপেই মৃত্যু! মুখ্যমন্ত্রীর পথে নামার ঘোষণার পরই বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের, দেখুন সরকারি ক্ষতিপূরণের তালিকা।

কর্তব্যরত অবস্থায় বুথ লেভেল অফিসার (BLO)-দের মৃত্যুর ঘটনায় এবার বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। শুক্রবার নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্যে ভোটের কাজে যুক্ত থাকা অবস্থায় যে দুই বিএলও মারা গিয়েছেন, তাঁদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। একইসঙ্গে, দুর্ঘটনায় বা অসুস্থ হয়ে আহত বিএলও-দের জন্যও ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।
মৃত ও আহতদের জন্য আর্থিক সহায়তা
নবান্ন সূত্রে খবর, রাজ্যে কর্তব্যরত অবস্থায় মৃত দুই বিএলও-এর পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া, কাজে যুক্ত থাকার সময় অসুস্থ হয়ে পড়া অপর এক বিএলও-এর পরিবারকে ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেন এই সিদ্ধান্ত? বাড়ছে কাজের চাপ নিয়ে উদ্বেগ
গত ৪ নভেম্বর থেকে রাজ্যজুড়ে ভোটার তালিকা নিবিড় সমীক্ষা (SIR) চালু হওয়ার পর থেকেই বুথ লেভেল অফিসারদের ওপর অত্যাধিক কাজের চাপ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে। বাড়ি-বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়া, সেগুলি সংগ্রহ করা এবং এরপর কমিশনের নির্দিষ্ট অ্যাপে সেই তথ্য আপলোড করার মতো একাধিক গুরু দায়িত্ব সামলাতে হচ্ছে বিএলও-দের। এর পাশাপাশি, সাধারণ নাগরিককে ফর্ম পূরণে সহায়তাও করতে হচ্ছে। একাধিক দায়িত্ব এক হাতে সামলাতে গিয়ে অনেক বিএলও-ই হাঁপিয়ে উঠছেন বলে খবর।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক বিএলও-এর কেঁদে দেওয়া এবং অত্যাধিক কাজের চাপে চাকরি থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশের ভিডিও ভাইরাল হয়, যা নিয়ে নেটমাধ্যমে ব্যাপক শোরগোল পড়ে যায়।
মুখ্যমন্ত্রীর প্রতিবাদ ও রাজনৈতিক চাপানউতোর
উত্তরবঙ্গে দুই বিএলও-এর মৃত্যুর পর পরিস্থিতি আরও ঘোরালো হয়। এই ঘটনায় বিএলও-দের উপর অত্যাধিক কাজের চাপ দেওয়া হচ্ছে, এই অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল শিবির। এমনকি, এই ঘটনার প্রতিবাদে আগামী মঙ্গলবার রাজ্যের সর্বোচ্চ নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং পথে নামারও সিদ্ধান্ত নিয়েছেন। রাজনৈতিক চাপানউতোর এবং তৃণমূল শিবিরের প্রতিবাদের পরেই দ্রুততার সাথে আর্থিক ক্ষতিপূরণের এই ঘোষণা করলো নবান্ন।