আতঙ্কিত কোলাঘাট! ভোটার তালিকায় গরমিলের জের, ৮০ বছরের বৃদ্ধার মৃত্যু স্ট্রোকে, প্রশাসনকে ‘আতঙ্ক দূর’ করার আর্জি

ভোটার তালিকা সংক্রান্ত এসআইআর (SIR) আতঙ্কজনিত কারণে স্ট্রোকে আক্রান্ত হয়ে এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের ভোগপুর গ্রামে। মৃতার নাম কেসিমন বিবি (বয়স-৮০ বছর)। পরিবারের সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত ১১টা নাগাদ স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মারা যান। এই ঘটনায় গোটা ভোগপুর এলাকায় তীব্র উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়েছে।

এসইউসিআই (কমিউনিস্ট) দলের কোলাঘাট ব্লক নেতৃত্ব নারায়ণ চন্দ্র নায়ক এই ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি জানান, মৃত বৃদ্ধার দুই ছেলের মধ্যে একজন প্রয়াত। কিন্তু সমস্যার সূত্রপাত সেখানেই— মৃত ছেলের নাম ২০০২ সালের ভোটার তালিকায় রয়েছে, অথচ জীবিত ছেলে শেখ নাসিরুদ্দিনের (বয়স-৪৫ বছর) নাম একই তালিকায় নেই। বৃদ্ধার চার মেয়ে বিবাহিত।

আতঙ্কে কাঁপছেন জীবিত পুত্র, বিডিও-র কাছে আর্জি SUCI-এর
পরিবারের দাবি, এই ভোটার তালিকা নিয়ে গোলমালের কারণে সৃষ্ট এসআইআর (SIR) আতঙ্কের জেরেই কেসিমন বিবি স্ট্রোকে আক্রান্ত হন। জানা গিয়েছে, এই মুহূর্তে বৃদ্ধার জীবিত পুত্র শেখ নাসিরুদ্দিনও চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।

এসইউসিআই নেতা নারায়ণ চন্দ্র নায়ক বিষয়টি নিয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। তিনি বিডিও-র কাছে অনুরোধ করেছেন যেন প্রশাসনের পক্ষ থেকে দ্রুত গ্রামে কাউকে পাঠিয়ে জীবিত ছেলের সঙ্গে কথা বলে এলাকায় ছড়িয়ে থাকা এই আতঙ্ক দূর করার ব্যবস্থা নেওয়া হয়।

কোলাঘাটের এই ঘটনায় ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া এবং স্থানীয় পর্যায়ে নাগরিকদের মধ্যে ছড়িয়ে থাকা এসআইআর (SIR) সংক্রান্ত ভয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।