আবর্জনামুক্ত কলকাতা গড়ার লক্ষ্যে ‘ফাঁকা রাস্তা’! জঞ্জাল পরিষ্কারের জন্য কড়া হলেন ফিরহাদ হাকিম, পার্কিংয়ের নতুন নিয়মে তোলপাড়

কলকাতার রাস্তা থেকে জঞ্জাল দ্রুত এবং সুষ্ঠুভাবে পরিষ্কার করার লক্ষ্যে এবার কঠোর পদক্ষেপ নিল কলকাতা পৌরসভা। জঞ্জাল পরিষ্কারের কাজে যাতে কোনো বাধা না আসে, সেই কারণে শহরের রাস্তায় সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত কোনও গাড়ি পার্কিং করা যাবে না। শুক্রবার এই কড়া নির্দেশ জারি করার কথা জানিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

মেয়র স্পষ্ট জানিয়েছেন, পুরসভার নির্দেশ অমান্য করে যদি কেউ এই সময়ের মধ্যে রাস্তায় গাড়ি রাখেন, তবে পুলিশ সেই গাড়ি টেনে নিয়ে যাবে। খুব শিগগিরই পুর কমিশনার এই মর্মে আনুষ্ঠানিক নির্দেশিকা জারি করবেন বলেও জানা গিয়েছে।

কেন এই কড়া সিদ্ধান্ত?
মেয়র ফিরহাদ হাকিম জানান, রাস্তা জুড়ে গাড়ি পার্ক করে থাকার ফলে গাড়ির পিছনে বা ফাঁকে অনেকে আবর্জনা ফেলে দিচ্ছেন। গাড়ি দাঁড়িয়ে থাকায় সকালে পুরকর্মীরা সেই আবর্জনা পরিষ্কার করতে পারছেন না। বিশেষত আবাসন এবং বহুতলগুলির সামনে এই সমস্যাটি প্রকট হচ্ছে। এর ফলে জঞ্জাল পরিষ্কার হচ্ছে না বলে নাগরিকদের কাছ থেকে যে অভিযোগ আসছিল, তার সমাধান করতেই পৌর কর্তৃপক্ষ সকালবেলার পার্কিং নিয়ে কড়া হলেন।

থানার গাড়িও বাদ নয়!
রাস্তার জঞ্জাল পরিষ্কারের পাশাপাশি শহরে পড়ে থাকা দীর্ঘদিন ধরে অব্যবহৃত গাড়িগুলি সরানোর জন্যও কড়া হচ্ছে পৌরসভা। মেয়র জানিয়েছেন, দীর্ঘদিন ধরে থানায় যে গাড়িগুলি পড়ে থাকে, সেগুলোর তালিকা চেয়ে কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দেওয়া হবে।

যে গাড়িগুলি ছয় মাসের বেশি সময় ধরে রাস্তায় বা থানায় পড়ে আছে, সেগুলিকে দ্রুত কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে থাকা ক্র্যাশারে পাঠানো হবে বলেও নির্দেশ দিয়েছেন মেয়র।

পৌরকর্তৃপক্ষের এই পদক্ষেপের ফলে আশা করা হচ্ছে, শহরের রাস্তাগুলি আরও পরিচ্ছন্ন থাকবে এবং জঞ্জাল পরিষ্কারের কাজ দ্রুত সম্পন্ন হবে।