জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র ‘ভূস্বর্গ’ মুকুটমণিপুরে বেড়াতে গিয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন এক তরুণ পলিটেকনিক ছাত্র। রবিবার বিকেলে কংসাবতী জলাধারের পাড়ের রাস্তায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সন্ধ্যার দিকে জলাধারের রাস্তা ফাঁকা থাকায় বেপরোয়া গতিতে বাইক চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম মনোজিৎ মাহাতো (২১)। তাঁর বাড়ি রাইপুর ব্লকের শ্যামসুন্দরপুর অঞ্চলে। স্থানীয় সূত্রে খবর, মনোজিৎ তাঁর মামাবাড়ি হলুদকানালীতে বেড়াতে এসেছিলেন এবং সেখান থেকে কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে মুকুটমণিপুর ঘুরতে যান।
জলাধারের পাড়ের রাস্তা ধরে মোটর সাইকেল নিয়ে দ্রুত যাওয়ার সময় আচমকাই তিনি বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং রাস্তার ধারের গার্ডওয়ালে সজোরে ধাক্কা মারেন। ধাক্কার তীব্রতায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রাস্তায় কয়েকবার গড়িয়ে যায় মনোজিতের দেহ। তাঁর মাথা ও মুখে গুরুতর আঘাত লাগে।
স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনাস্থলেই মনোজিতের মৃত্যু হয়। পরে গোড়াবাড়ি ফাঁড়ির পুলিশ রক্তাক্ত অবস্থায় তাঁকে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরিবার সূত্রে জানা গেছে, মৃত মনোজিৎ রাইপুর পলিটেকনিক কলেজের ছাত্র ছিলেন। এই মর্মান্তিক মৃত্যুতে গোটা পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।