‘স্ত্রীর কাকা’কে ‘বাবা’ সাজিয়ে ভারতীয় পরিচয়পত্র! ক্যানিংয়ে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ

ক্যানিংয়ের নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের ছোট দুমকি গ্রামে জালিয়াতির এক মারাত্মক অভিযোগ সামনে এসেছে। এক বাংলাদেশি যুবক তাঁর স্ত্রীর কাকাকেই নিজের বাবা সাজিয়ে জাল ভারতীয় পরিচয়পত্র তৈরি করেছেন বলে অভিযোগ উঠেছে।

জানা গিয়েছে, শফিক গাজি নামে ওই যুবক বেশ কয়েক বছর আগে বাংলাদেশ থেকে ভারতে আসেন। দিল্লিতে সালেমা গাজির সঙ্গে তাঁর পরিচয় হয় এবং পরে তাঁদের বিবাহ হয়। বিয়ের পর তিনি স্ত্রীকে নিয়ে ক্যানিংয়ে শ্বশুরবাড়িতে থাকতে শুরু করেন। অভিযোগ, শফিক তাঁর সমস্ত ভারতীয় পরিচয়পত্রে, যেমন ভোটার কার্ড এবং আধার কার্ডে, স্ত্রীর কাকা জয়নাল গাজিকে নিজের বাবা বলে উল্লেখ করেছেন।

বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করেন বৃদ্ধ জয়নাল গাজি। প্রথমে বছরখানেক আগে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেও কোনো সুরাহা মেলেনি। সম্প্রতি, রাজ্যজুড়ে এসআইআর (Special Summary Revision) আবহে ভুয়ো নাগরিকদের শনাক্তকরণের তৎপরতা শুরু হতেই জয়নাল গাজি পুনরায় সক্রিয় হন। তিনি নতুন করে নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর পাশাপাশি ক্যানিং মহকুমা শাসকের দফতরেও অভিযোগ দায়ের করেছেন।

এই অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই অভিযুক্ত শফিক গাজি গা ঢাকা দিয়েছেন। যদিও তাঁর স্ত্রী সালেমা গাজি অভিযোগ অস্বীকার করেছেন। সালেমার দাবি, জয়নাল গাজিই শফিকের বাবা। সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই জয়নাল মিথ্যা অভিযোগ করছেন। এই ঘটনায় রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।