ইডেন-ম্যারাথন-ব্রিজ বন্ধের ত্রিমুখী চাপ! ফের থমকে গেল চিংড়িঘাটা মেট্রোর কাজ শুরুর প্রস্তুতি

কলকাতা ট্রাফিক পুলিশের আপত্তিতে ফের সঙ্কটের মুখে চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের বাকি থাকা অংশের কাজ শুরুর বিষয়টি। পূর্ব ঘোষণা অনুযায়ী আগামিকাল, অর্থাৎ শুক্রবার থেকে এই কাজ শুরু হওয়ার কথা থাকলেও, বর্তমানে তা নিয়ে তৈরি হয়েছে একাধিক সংশয়।

কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সপ্তাহান্তে শহরে একাধিক গুরুত্বপূর্ণ ইভেন্ট রয়েছে। দিল্লি বিস্ফোরণের পরবর্তী পরিস্থিতিতে ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। রবিবার শহর জুড়ে রয়েছে একটি ম্যারাথন। পাশাপাশি, এই সপ্তাহান্তে দ্বিতীয় হুগলি সেতুও (বিদ্যাসাগর সেতু) বন্ধ থাকবে। এই পরিস্থিতিতে চিংড়িঘাটার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক ব্লক দেওয়া কঠিন বলে মনে করছে পুলিশ।

এছাড়া, কাজের এলাকায় আরভিএনএল (RVNL)-এর পক্ষ থেকে একটি নতুন রাস্তা তৈরি করে দেওয়ার কথা, যার শেষ মুহূর্তের কিছু কাজ এখনও বাকি। ট্রাফিক ব্লক করার আগে সেই রাস্তা তৈরির কাজ শেষ হওয়া জরুরি বলে মনে করছে ট্রাফিক পুলিশ। সব মিলিয়ে ব্রিজ জোড়ার কাজ আরও কিছুদিন পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছে তারা।

উল্লেখ্য, এই ৩৬৬ মিটার অংশ না জুড়লে অরেঞ্জ লাইন (নিউ গড়িয়া-বিমানবন্দর) মেট্রোর কাজ শেষ হবে না। বিষয়টি হাইকোর্ট পর্যন্ত গড়ালে আদালতের নির্দেশে ৯ সেপ্টেম্বর সব পক্ষ বৈঠকে বসে। সেখানেই সিদ্ধান্ত হয় যে, উৎসবের মরশুমের পর নভেম্বরের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের শুক্র থেকে রবিবার রাতে ট্রাফিক ব্লক নিয়ে কাজ শেষ করবে আরভিএনএল। কলকাতা হাইকোর্ট সেই সিদ্ধান্তে সায়ও দিয়েছিল।

তবে, চলতি সপ্তাহের শুক্রবার থেকে কাজ শুরুর সম্ভাবনা কম হওয়ায় এখন মেট্রো কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নেন, সেদিকেই সকলের নজর। রাজ্য প্রশাসনের দেওয়া নতুন দিন তারা মেনে নেন, নাকি এই বিলম্বের বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন— এই জট কাটার অপেক্ষায় শহরবাসী।