‘কল সেন্টার’-এর কর্পোরেট স্টাইলে বিজেপি! মেদিনীপুরে BLO-দের বেনিয়মে নজরদারি, শুরু SIR কমপ্লেন সেল

এবার কর্পোরেট ধাঁচে মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সদর কার্যালয়ে খোলা হলো বিশেষ ‘কল সেন্টার’। নাম দেওয়া হয়েছে এসআইআর কমপ্লেন সেল অ্যান্ড মনিটরিং সেল। মূলত এসআইআর (Special Summary Revision) পর্বে বিএলএ ২-দের সহায়তা করতে এবং বিভিন্ন এলাকায় বিএলও (Booth Level Officer)-দের বেনিয়মে নজরদারি চালাতেই এই উদ্যোগ গেরুয়া শিবিরের।
মেদিনীপুর সাংগঠনিক জেলার অন্তর্গত সাতটি বিধানসভার জন্য এই সেলে সাতটি আলাদা ডেক্স রাখা হয়েছে। প্রতিটি ডেক্সট থেকে একজন কলার সরাসরি যোগাযোগ করছেন সংশ্লিষ্ট বিধানসভার বিএলএ ২-দের সঙ্গে। কল সেন্টার থেকে সংগৃহীত তথ্যের মধ্যে রয়েছে: বিএলএ ২-রা সুষ্ঠুভাবে কাজ করতে পারছেন কিনা, কাজে কোনো সমস্যায় পড়ছেন কিনা, বিএলও সঠিকভাবে কাজ করছে কিনা এবং এনুমারেশন ফর্ম বিতরণ সঠিকভাবে হচ্ছে কিনা। এই কমপ্লেন সেল থেকেই সংগৃহীত অভিযোগগুলি ইমেল মারফত নির্বাচন কমিশনের কাছে জানানো হচ্ছে।
বিজেপির জেলা সহ-সভাপতি ডঃ শঙ্কর গুছাইত জানান, এসআইআর পর্বে এই কল সেন্টার থেকে প্রায় ৬৫টি অভিযোগ কমিশনের কাছে পাঠানো হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই কমিশন পদক্ষেপ গ্রহণ করেছে।
যদিও বিজেপির এই তৎপরতাকে তীব্র কটাক্ষ করেছে শাসক দল তৃণমূল। তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরার দাবি, “এসআইআর-এর নাম করে মানুষকে সন্ত্রস্ত করা, ভয় দেখানোই বিজেপির কাজ। কোথাও বিএলএ ২ দিতে পারছে না, অথচ মানুষকে এসআইআর নিয়ে ভয় দেখাচ্ছে।” রাজনৈতিক মহলে এই ‘কল সেন্টার’ ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।