ফিটনেস নয়, কোচ গম্ভীর ও রোহিতের সঙ্গে দূরত্বের জেরে বাদ শামি! ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে কেন নেই এই পেসার?

ফিটনেসের অভাব নয়, বরং টিম ম্যানেজমেন্টের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার কারণেই অভিজ্ঞ পেসার মহম্মদ শামি জাতীয় দল থেকে বাদ পড়েছেন বলে খবর। টেস্ট দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা এবং প্রধান কোচ গৌতম গম্ভীর তাঁর প্রতি বিরক্ত—এমনটাই জানা যাচ্ছে। শুক্রবার ইডেন গার্ডেন্সে শুরু হতে চলা ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজেও ভারতীয় দলে নেই এই পেসার।

গত বছর দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে শেষবার খেলার সুযোগ পান শামি। তারপর থেকেই তিনি জাতীয় দলের বাইরে।

সমস্যার সূত্রপাত বেঙ্গালুরু টেস্টের পর
জানা যাচ্ছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্টের পরই সমস্যার শুরু। সেই সময়ে সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মা শামির হাঁটু ফুলে থাকার কথা বলেছিলেন। কিন্তু এরপরেই দেখা যায়, হাঁটুতে ব্যান্ডেজ থাকা সত্ত্বেও শামি নেটে বোলিং করছেন।

ম্যানেজমেন্টের ক্ষোভের কারণ: বিজ্ঞাপনের শ্যুটিং
টিম ম্যানেজমেন্ট চেয়েছিল, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফির (২০২৪-২৫) আগে শামি যেন সম্পূর্ণ ফিট হয়ে ওঠেন এবং দীর্ঘমেয়াদী ভিত্তিতে রিহ্যাবে মনোনিবেশ করেন।

কিন্তু টিম ম্যানেজমেন্টের নির্দেশ উপেক্ষা করে শামি রিহ্যাবে থাকার বদলে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনের শ্যুটিং, প্রচার অনুষ্ঠানে যোগ দেন। এমনকি তাঁকে গুরুগ্রামে এক অনুষ্ঠানেও হাজির থাকতে দেখা যায়।

ম্যানেজমেন্টের অভিযোগ: টিম ম্যানেজমেন্টের মতে, শামি দীর্ঘমেয়াদী ভিত্তিতে ফিট হয়ে ওঠার চেষ্টা করছেন না। রিহ্যাবের গুরুত্ব না দিয়ে তিনি অন্যান্য কাজে সময় দিচ্ছেন।

এই কারণেই শামি জাতীয় দলের দরজা খুলছে না, এমনকি বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে ফিটনেস ও ফর্মের প্রমাণ দেওয়া সত্ত্বেও। রোহিত শর্মা ও গৌতম গম্ভীরের মতো ব্যক্তিত্বরা তাঁর এমন আচরণে রীতিমতো বিরক্ত।